রোম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পার্লামেন্টে এক ভোটাভুটিতে কোনোমতে উৎরে গেলেও তা স্পষ্ট করেছে, সরকার চালানোর মতো সংখ্যাগরিষ্ঠতা আর নেই ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির।
মঙ্গলবার বাজেট নিয়ে একটি প্রস্তাবে ভোটাভুটির পর বিরোধী দল পদত্যাগ করতে বার্লুসকোনির ওপর জোর চাপ দেয়। বার্লুসকোনির সরকারের অংশীদার কয়েকটি দলও তাকে আর সমর্থন করতে চাইছে না, যদিও পদত্যাগের আহ্বানে প্রধানমন্ত্রী এখনো সাড়া দেননি।
দেনা নিয়ে ধুঁকতে থাকা ইতালিতে মঙ্গলবার বাজেট সংক্রান্ত সরকারের একটি প্রস্তাবের পক্ষে ৩০৮ ভোট পড়ে। এতে প্রস্তাবটি পাস হলেও সরকারের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে, কারণ সরকার চালানোর মতো সংখ্যাগরিষ্ঠতার জন্য পার্লামেন্টের অর্ধেক অর্থাৎ ৩১৬ জন সদস্যের সমর্থন প্রয়োজন।
ভোটাভুটির পর বিরোধী দলের নেতা পিয়ের লুইগি বারসানি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, "প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমার একটাই বক্তব্য, ব্যর্থতার দায় স্বীকার করে বিদায় নিন, পদত্যাগ করুন।"
বাজেট সংক্রান্ত প্রস্তাবে বার্লুসকোনির জোট শরিকদের অনেকে ভোট দানে বিরত ছিলো।
অর্থনৈতিক অস্থিতিশীলতার জন্য গত কয়েক সপ্তাহ ধরে ধনকুবের বার্লুসকোনির ওপর চাপ ছিলো। মঙ্গলবারের ভোটাভুটির ফলাফল তা আরো বাড়িয়ে তুললো বলে বিশ্লেষকরা মনে করছেন।
ভোটাভুটির আগে মিত্র দল নর্দান লিগও বার্লুসকোনিতে পদত্যাগের আহ্বান জানায়। দলটির নেতা উমবার্তো বোসি সাংবাদিকদের বলেন, পিডিএল দলের প্রধানের পদও বার্লুসকোনির ছাড়া উচিত। ওই পদে আসা উচিত অ্যাঙ্গেলিনো আলফানোর।
মঙ্গলবারের ভোটাভুটির আগ পর্যন্ত পদত্যাগের সব আহ্বানই নাকচ করে আসছিলেন ইতালির অন্যতম ধনী ব্যবসায়ী বার্লুসকোনি। তিনি বলেছিলেন, ভোটাভুটির পরই তিনি ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ইতালিতে বাজেট ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। বিশ্লেষকরা বলছেন, আশঙ্কাজনক কম প্রবৃদ্ধির হার এবং প্রায় ২ ট্রিলিয়ন ইউরো দেনা নিয়ে গ্রিসের পর ইউরো অঞ্চলের দ্বিতীয় দেশ হিসেবে সঙ্কটে পড়তে যাচ্ছে ইতালি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২২৩৭ ঘ.
bdnews24