ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রহ্মপুত্রের তীরে জন্ম নিয়ে ভারতবর্ষের মানুষকে তিনি শুনিয়েছিলেন 'চার নদীর গল্প'। সেই ব্রহ্মপুত্রের তীরেই বুধবার শেষকৃত্য হবে প্রবাদপ্রতীম সংগীত শিল্পী ও সুরকার ভূপেন হাজারিকার।
দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় শনিবার বিকেলে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ৮৬ বছর বয়সে মারা যান এই শিল্পী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো ভারতীয় উপমহাদেশে।
ভূপেনের নিজের জেলা গৌহাটির মানুষ ভালোবেসে তাকে ডাকতো 'ব্রহ্মপুত্রের কবি' বলে। সোমবার নিজারাপারে শিল্পীর বাড়িতে তার প্রতি শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।
ভারতের ইংরেজি দৈনিক হিন্দু জানায়, সোমবার সকালে ভূপেনের মরদেহ মুম্বাই থেকে লেকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখান থেকে ট্রাকে করে কফিন নিজাপারে নেওয়ার সময় ৩০ কিলোমিটার পথের দুই পাশে দাঁড়িয়ে লোখো মানুষ ফুল ছিটিয়ে শেষ বিদায় জানায় 'ব্রহ্মপুত্রের কবিকে'।
নিজের গাওয়া জনপ্রিয় গানগুলো ভক্তদের কণ্ঠে 'শুনতে শুনতে' শেষবারের মতো 'বাড়ি ফেরেন' ভূপেন। হাজারো জনতা গাইতে থাকে 'মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে'। থেকে থেকে শ্লোগান ওঠে 'ভূপেনদা অমর হোক'।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, প্রাথমিকভাবে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের জালুকবাড়ি চত্বরে মঙ্গলবার ভূপেন হাজারিকার দাহ করার সিদ্ধান্ত হলেও স্থানীয় প্রশাসন পরিবারের সঙ্গে কথা বলে তা বুধবার করার সিদ্ধান্ত নেয়।
১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর ভারতের অসম রাজ্যে জন্মগ্রহণ করেন ভূপেন হাজারিকা। মাত্র ১০ বছর বয়স থেকেই গান লিখে সুর দিতে থাকেন। বাংলা, অসমিয়া ও হিন্দি- তিন ভাষাতেই আকাশচুম্বি জনপ্রিয়তা পায় তার গান।
ভূপেনের দরাজ কণ্ঠে 'বিস্তীর্ণ দুপারে', 'আমি এক যাযাবর', 'মানুষ মানুষের জন্যে', 'সাগর সঙ্গমে', 'দোলা হে দোলা' 'প্রতিধ্বনি শুনি' গানগুলো বাংলাদেশের মানুষের হৃদয়েও স্থান করে নেয়। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ভূপেনের সাম্যবাদের গানগুলো আশা জুগিয়েছিলো এ দেশের স্বাধীনতাকামী মানুষকে।
সংগীতচর্চার পাশাপাশি তিনি লিখেছেন কবিতা, নির্মাণ করেছেন চলচ্চিত্র। একটি ছবিতে অভিনয়ও করেছেন। তবে কয়েক বছর আগে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপিতে যোগ দিয়ে ভক্তদের মাঝে বিতর্কিত হন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগে পিএইচডি করা এই শিল্পী।
১৯৭৫ সালে চামেলী মেমসাহেব ছবির সুরকার ও শিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ভূপেন। ১৯৯২ সালে পান 'দাদাসাহেব ফালকে' পুরস্কার। এছাড়া ভারতীয় চলচ্চিত্র ও সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সালে ভারত সরকারের পদ্মশ্রী ও ২০০১ সালে পদ্মভূষণ খেতাব পান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১১৪৫ ঘ.
bdnews24