লন্ডন, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিনি 'মানব সম্পদ' বিষয়ে স্নাতক ডিগ্রিধারী। অবসরে পছন্দ করেন ভলিবল। আর স্বপ্ন, ভবিষ্যতে শিশুদের জন্য কিছু করা। তবে এই মুহূর্তে ২১ বছর বয়সী ইভিয়ান সার্কোসের সবচেয়ে বড় পরিচয়, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সুন্দরীশ্রেষ্ঠা তিনি।
রোববার লন্ডনের অর্লস কোর্টে এক জমকালো অনুষ্ঠানে 'মিস ভেনেজুয়েলা' ইভিয়ানের মাথায় 'মিস ওয়ার্ল্ডের' মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী যুক্তরাষ্ট্রের আলেক্সান্দ্রিয়া মিলস।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইভিয়ান বলেন, "নিজেকে আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী বলেই মনে হচ্ছে। আমার এতো খুশি লাগছে, ইচ্ছে হচ্ছে চিৎকার করে কাঁদি।"
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ফিলিপাইনের গুয়েনডোলিন রুয়েইস। আর দ্বিতীয় রানার আপের খেতাব জিতেছেন পুয়ের্তো রিকোর আমান্ডা পেরেজ।
মাত্র আট বছর বয়সে এতিম হওয়ার পর ইভিয়ান সার্কোসের শৈশব কাটে নানদের পরিচালিত একটি মঠে। বর্তমানে তিনি কাজ করছেন একটি টেলিভিশনে। তবে সুযোগ পেলে কোনো বেসরকারি উন্নয়ন সংস্থার হয়ে শিশুদের নিয়ে কাজ করতে চান তিনি। এই লক্ষে এরইমধ্যে একটি সংস্থাও খুলে ফেলেছেন ভেনেজুয়েলার এই তরুণী।
১৯৫১ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার প্রথম আসরটিও বসেছিল অর্লস কোর্টেই। ১১৩টি দেশের প্রতিযোগীদের নিয়ে এবারের প্রতিযোগিতা টেলিভিশনে সরাসরি দেখেছেন দেড়শোরও বেশি দেশের প্রায় এক বিলিয়ন দর্শক।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আগামী আসর বসবে মঙ্গোলিয়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১১৪১ ঘ.
bdnews24