২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বোমা ও গুলিতে নিহত ৬৩

নাইজেরিয়ায় কয়েক দফা বোমা ও বন্দুকধারীর হামলায় অন্তত ৬৩ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই পুলিশ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরিয়ায় কয়েক দফা বোমা ও বন্দুকধারীর হামলায় অন্তত ৬৩ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই পুলিশ সদস্য। শুক্রবার সন্ধ্যা থেকে উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো ও ইয়োবে রাজ্যে এসব হামলা চালানো হয়। ইয়োবের দামাতুরু শহরে কয়েকটি থানা, মসজিদ ও গির্জায় কয়েক দফা হামলা হয়। আন্তর্জাতিক মানবিক ত্রাণ সংস্থা রেড ক্রসের কর্মকর্তা ইব্রাহিম বুলামা সিএনএনকে বলেন, "পরিস্থিতি খুবই খারাপ।" দামাতুরুতে তিন থেকে চার ঘণ্টার এ হামলায় অন্তত ৬৩ জন নিহত হওয়ার পাশাপাশি শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, পুলিশ সদর দপ্তর ও সন্ত্রাস দমন দপ্তরে হামলা চালানোর পর সন্ত্রাসীরা বিভিন্ন গির্জা ও মসজিদে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে হামলা শুরু হয়। বন্দুকধারীরা তারপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। দামাতুরুর এক রোমান ক্যাথলিক যাজক বিবিসিকে বলেন, তার গির্জায় আগুন দেওয়া হয়েছে। এছাড়া আরো আটটি গির্জায় হামলা হয়েছে বলে জানান তিনি। সন্ত্রাসীরা প্রথমে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের রাজধানী মাইদিগুরির কাছের একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়। ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হাসান মোহাম্মেদ বলেন, তিন আত্মঘাতী একাটি কালো গাড়ি চালিয়ে যৌথ বাহিনীর (টাস্ক ফোর্স) সদর দপ্তরের দিকে এগোতে থাকে। কিন্তু ফটক বন্ধ থাকায় তারা ভিতরে ঢুকতে পারেনি। এ সময় বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর এ ঘাঁটির ভবনের ছাদ ও দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়।একই সময় অন্য একটি সামরিক স্থাপনায় দুটি বিস্ফোরণ ঘটে। তাতে অনেক সেনা সদস্য হতাহত হয়। তবে হতাহত সেনা সদস্যের সংখ্যা নিশ্চিত করতে পারেননি তিনি। তিনি এ হামলার জন্য বোকো হারাম গোষ্ঠীকে দায়ী করেন। দামাতুরুর হামলার জন্যও বোকো হারাম গোষ্ঠীকে সেন্দহ করা হচ্ছে বলে জানান রেড ক্রসের ওই কর্মকর্তা। বোকো হারাম নামের অর্থ 'পশ্চিমা শিক্ষা পাপের'। উত্তর নাইজেরিয়ায় একটি শরীয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০৫৭ ঘ.