২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'লাব্বাইক' ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান

শুরু হচ্ছে হজের চূড়ান্ত আনুষ্ঠানিকতা। পুণ্যের আশায় আরাফাতের ময়দানে জড়ো হতে শুরু করেছেন লাখো মুসলমান। তাদের মুখে 'লাব্বাইক' ধ্বনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 09:17 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক- হে আল্লাহ, তোমার ডাকে আমি হাজির' ধ্বনিতে মুখরিত সৌদি আরবের আরাফাতের ময়দান। সৌদি আরবের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার হজের আনুষ্ঠানিকতা শুরুর পর মক্কা নগরীর কাবা শরিফ থেকে রওনা হয়ে পাঁচ কিলোমিটার দূরে মিনায় জড়ো হন বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান। ইবাদত-বন্দেগিতে মিনায় রাত কাটানোর পর আল্লাহর নৈকট্য লাভের আশায় জিকির করেন তারা। নামাজ পড়েন জামায়াতের সঙ্গে। এরপর হজের মূল আনুষ্ঠানিকতার জন্য শনিবার ভোরে মিনা থেকে যাত্রা করেন ১০ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানের উদ্দেশে। আরাফাতের ময়দানে তারা হজের খুতবা শুনবেন এবং একইসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এরপর মিনায় ফেরার পথে শনিবার সন্ধ্যায় মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ পড়বেন মুসল্লিরা। মুজদালিফায় রাতে থাকার সময় পাথর সংগ্রহ করবেন তারা, যা মিনার জামারায় শয়তানকে উদ্দেশ্য করে ছোড়া হবে। রোববার সকালে ফজরের নামাজ শেষে মুসল্লিরা মিনায় ফিরে জোহরের নামাজের পর শয়তানকে (প্রতিকী) পাথর ছুড়বেন। এরপর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করবেন তারা। সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফ করে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। শুক্রবার আনুষ্ঠানিকতা শুরু হলেও আরাফাতের ময়দানে কার্যক্রমকেই হজের মূল অনুষ্ঠান হিসেবে ধরা হয়। ১৪ শ' বছরেরও বেশি সময় আগে এ আরাফাতের ময়দানেই বিদায়ী হজের ভাষণ দেন হজরত মুহাম্মদ (সা.)। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমাবেশ এবারের হজে প্রায় ৩০ লাখ মুসলমান অংশ নিচ্ছেন। এদের মধ্যে ১৮ লাখ বিশ্বের বিভিন্ন দেশ থেকে গেছেন। আরব নিউজের খবরে বলা হয়, শুক্রবার ফজরের নামাজের পর মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হন মুসল্লিরা। অনেকেই আগের দিন মিনায় পৌঁছান। মিনায় অসংখ্য সাদা তাঁবুতে অবস্থান করছেন তারা। হজ সুষ্ঠুভাবে শেষ করতে সৌদি সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মক্কা ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর প্রায় ৫০ হাজার কর্মকর্তাকে নিয়োজিত করা হয়েছে। সাড়ে চারশ' সাজোয়া যানসহ আধুনিক সরঞ্জাম নিয়ে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ। ভিড়ের চাপে পদপিষ্ট হওয়াসহ যে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত রাখা হয়েছে কয়েক হাজার কর্মী। যে কোনো ধরনের দাঙ্গা ও সন্ত্রাস মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার। হজ পালনকারীদের পথ দেখানোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ১২ হাজার নারী-পুরুষ কর্মী নিয়োগ করা হয়েছে। এ ছাড়া চিকিৎসকসহ প্রায় ২০ হাজার স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করছেন। ৮৯ হাজার জনকে দেশে ফেরত সৌদি গেজেটে জানায়, হজের অনুমোদন না থাকায় ৮৯ হাজার মুসল্লিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরবের পাসপোর্ট বিভাগ। এছাড়া মেয়াদ পেরিয়ে যাওয়ার পর অবস্থান, অভিবাসন আইনের লঙ্ঘন, ভুয়া অনুমোদন লাভের চেষ্টায় জড়িত ১৬ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা। মক্কাজুড়ে ১৬টি এবং মদিনায় চারটি পাসপোর্ট তল্লাসি চৌকি বসানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৫০৯ ঘ.