বোগাটা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলাম্বিয়ার বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী রেভ্যুলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) শীর্ষ কমান্ডার আলফোনসো ক্যানো (৬২) নিহত হয়েছেন।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় এক সেনা অভিযানে ক্যানো নিহত হন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
কাউকা প্রদেশে পরিচালিত এই সামরিক অভিযানের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বোমা হামলায় ক্যানো মারা গেছে বলে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে।
প্রাদেশিক গভর্নর গনজালেস মোসকেরা স্থানীয় রেডিওকে বলেন, সেনাবাহিনী তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর একটি অর্জন করেছে।
নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এপি সংবাদ সংস্থা জানায়, নিহত ব্যক্তির আঙ্গুলের ছাপ মিলে গেছে।
ক্যানোকে গ্রেপ্তার সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য প্রায় ৪০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছিলো কলম্বিয়া।
ফার্ক নেতা ম্যানুয়েল মারুল্যান্ডার মৃত্যুর পর ২০০৮ সালে ক্যানো দলটির দায়িত্ব গ্রহণ করেন। পেশায় শিক্ষক ক্যানোর প্রকৃত নাম গুইলারমো লিও সায়েনজ।
গত জুলাই মাসে এক অভিযান চালানোর পর ক্যানো তার ক্যাম্প থেকে পালিয়ে যান বলে কলম্বিয়ার কর্মকর্তারা জানান।
গত কয়েক বছরে ফার্কের বেশ কয়েকজন কমান্ডারকে হত্যা ও আরো অনেককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা রক্ষীরা।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের সন্ত্রাসী তালিকাতেও ফার্কের নাম নাম রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১২৯ ঘ.
bdnews24