আম্মান, ০২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হোমস শহরে বুধবার নিরাপত্তা বাহিনী গুলি করে ৯ জনকে হত্যা করেছে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী স্থানীয় কর্মীরা ইউটিউবে নিহতদের ভিডিও চিত্র ধারণ করেছে।
এতে দেখা যায়, নিহতদের হাত পিছনে বাঁধা এবং তাদের গলা ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতরা হোমস এর হলুয়া এলাকার কে ফার লাহা গ্রামের অধিবাসী। অঞ্চলটি গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম কেন্দ্র। স¤প্রতি সেখানে আসাদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু হয়েছে।
এর আগে মঙ্গলবার হোমসের কাছাকাছি আসাদ সমর্থক আলওতে গোষ্ঠীর ৯ জনকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বন্দুকধারীরা হত্যা করে।
হোমস থেকে একজন কর্মী টেলিফোনে জানিয়েছেন, বুধবার যারা নিহত হয়েছে তারা একটি ছোট কারখানায় কাজ করতো। তাদেরকে ঠিক কখন হত্যা করা হয়েছে তা জানা যায়নি, সকালে তাদের খোঁজ পাওয়া যায়।
জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ার আসাদবিরোধী আন্দোলনে দমনাভিযানে এ পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। সাত মাস ধরে গণতন্ত্রপন্থী এ আন্দোলন চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০০ঘ.
bdnews24