লন্ডন, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যৌন অপরাধ মামলায় জেরার জন্য সুইডেনে পাঠানোর রায় দিয়েছে লন্ডনের হাইকোর্ট।
সুইডেনে হস্তান্তরের বিরুদ্ধে অ্যাসাঞ্জের আপিল নাকচ করে বুধবার আদালত এ রায় দেয়।
অ্যাসাঞ্জের আইনজীবীরা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে চান। এ জন্য তারা সময় পাবেন ১৪ দিন। তবে আবেদন করার জন্য আইনজীবীদেরকে আগে হাইকোর্টের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে।
গত বছর অ্যাসাঞ্জের উইকিলিকস ওয়েবসাইট যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন কূটনৈতিক বার্তা ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দেয়। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র বিপাকে পড়ে যায়। এতে করে অ্যাসাঞ্জের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে মার্কিন প্রশাসন।
ওই ঘটনার পর উইকিলিকসের দু'জন সাবেক সুইডিশ স্বেচ্ছাসেবী অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ তোলে। এর পরিপ্রেক্ষিতে সুইডেন সরকার তাদের হাতে অ্যাসাঞ্জকে তুলে দেওয়ার জন্য যুক্তরাজ্যের কাছে অনুরোধ জানায়।
অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যে নজরবন্দি।
চলতি বছর ফেব্র"য়ারিতে যুক্তরাজ্যের এক বিচারক সুইডেনের অনুরোধ বিবেচনায় অ্যাসাঞ্জকে সেদেশে হস্তান্তরের রায় দেয়। কিন্তু অ্যাসাঞ্জ সঙ্গে সঙ্গেই ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন।
অ্যাসাঞ্জের ওই আবেদনের শুনানিতেই বুধবার লন্ডন হাইকোর্টের দুই বিচারক আগের রায় বহাল রাখলেন।
রায়ে বিচারকরা বলেন, "ইউরোপের যে গ্রেপ্তারি পরোয়ানায় অ্যাসাঞ্জ গ্রেপ্তার হয়েছেন সেই পরোয়ানা জারির বিষয়টি থেকে শুরু করে পরবর্তীতে তাকে হস্তান্তরের জন্য চলমান সব প্রক্রিয়াই আইনসম্মত এবং সুষ্ঠু।"
অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে অযৌক্তিক বলে যে দাবি করেছিলেন আদালত তা নাকচ করেছে।
সুইডেনে অ্যাসাঞ্জকে হস্তান্তরের দাবিও ত্র"টিপূর্ণ এবং ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে দাবি করে আসছেন অ্যাসাঞ্জের আইনজীবীরা। বিষয়টি নিয়ে ব্রিটেন, সুইডেন ও গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন অ্যাসাঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এমডি/এলকিউ/১৭০০ঘ.
bdnews24