ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি কন্সট্রাকশন কোম্পানির ১৫জন কর্মকর্তা ও শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করেছে মাওবাদী বিদ্রোহীরা।
৫০ জনের সশস্ত্র একটি দল বিহারের জামুই জেলার ওই কোম্পানির অফিসে ঢুকে তাদের অপহরণ করে জঙ্গলের দিকে চলে যায় বলে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
অপহৃতদের উদ্ধারে ওই অঞ্চলে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।
মাওবাদীরা দাবি করে থাকে তারা আদিবাসী ও দরিদ্র জনগণের অধিকার আদায়ে লড়াই চালাচ্ছে।
ভারতে পূর্বাঞ্চলীয় ও মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে মাওবাদীরা সক্রিয় রয়েছে। কেন্দ্রীয় সরকার ২০০৯ সাল থেকে মাওবাদী বিদ্রোহীদের দমনে 'অপারেশন গ্রিন হান্ট' নামে অভিযান চালিয়ে যাচ্ছে।
পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, ওরিষ্যা ও ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে পরিচালিত ওই অভিযানে ৫০ হাজার সেনা নিয়োজিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৬ ঘ.
bdnews24