২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনেস্কোয় তহবিল বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ায় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোকে তহবিল দেয়া বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 08:16 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ওয়াশিংটন, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ায় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোকে তহবিল দেয়া বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ কথা জানানো হয়। একইসঙ্গে আগামী দুই বছর তহবিল না দিলে ওই সংস্থাটিতে ভোট দেয়ার ক্ষমতা হারাবে এবং আন্তর্জাতিক প্রতিপত্তি হারানোর ঝুঁকির কথাও স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া ন্যুল্যান্ড সাংবাদিকদের জানান, ইউনেস্কোকে তহবিল দেয়া বন্ধ করা ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো উপায় নেই। আর ১৯৯০ সালে পাস হওয়া যুক্তরাষ্ট্রের একটি আইনের কারণেই নভেম্বরের মধ্যে নির্ধারিত ৬ কোটি মার্কিন ডলার ইউনেস্কোকে দেয়া সম্ভব হচ্ছে না। ওই আইন অনুসারে জাতিসংঘের কোনো অঙ্গসংস্থা ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দিলে সংস্থাটিতে অর্থায়ন করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভিক্টোরিয়া বলেন, "যুক্তরাষ্ট্র জাতিসংঘের সঙ্গে অন্য কাজের সঙ্গে নিবিড়ভাবে থাকলেও আইনগত বিধিনিষেধ থাকায় বাধ্য হয়েই তহবিল দেয়া বন্ধ করা হচ্ছে।" সেইসঙ্গে তিনি আরো বলেন, "সোমবার ইউনেস্কোয় ভোটের মাধ্যমে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার বিষয়টি দুঃখজনক, অপরিপক্ক এবং তা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক শান্তির স্থায়ীত্বে আমাদের সবার উদ্দেশ্যকে খাটো করেছে।" জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটির মোট তহবিলের ২২ শতাংশই যুক্তরাষ্ট্র দিয়ে থাকে। সদস্যপদ দেয়া বিষয়ে ভোটাভুটিতে ১৭৩টি দেশের মধ্যে ফিলিস্তিনের পক্ষে ১০৭ ভোট, বিপক্ষে ১৪ ভোট এবং ৫২টি দেশ ভোটদানে বিরত থাকে। জাতিসংঘে পূর্ণ সদস্যপদের জন্য আবেদনের পর ফিলিস্তিন গত সপ্তাহে ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ পাওয়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করেই এ পদক্ষেপ নেয় ফিলিস্তিন। এরআগে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে রাষ্ট্র হিসাবে পূর্ণ সদস্যপদ চেয়েছিলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এরপর থেকেই প্রথম জাতিসংঘ সংস্থা হিসাবে ইউনেস্কোতে পূর্ণ সদস্য হিসাবে যোগ দেওয়ার পথ খুঁজছিল ফিলিস্তিন। এ চেষ্টায় সফল হওয়ায় রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভে ফিলিস্তিনের পথ আরো প্রশস্ত হলো। যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানি সদস্যপদের বিরোধিতা করে ভোট দিয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনের দাবির সমর্থনে ভোট দিয়েছে ব্রাজিল, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা। আর ব্রিটেন নিরপেক্ষ অবস্থানে থেকেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১২ ঘ.