২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ পেলো ফিলিস্তিন

যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতার মুখেও জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) পূর্ণ সদস্যপদের জন্য সংখ্যাগরিষ্ঠের রায় পেয়েছে ফিলিস্তিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

প্যারিস, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতার মুখেও জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) পূর্ণ সদস্যপদের জন্য সংখ্যাগরিষ্ঠের রায় পেয়েছে ফিলিস্তিন। সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সাধারণ পরিষদের অধিবেশনে ভোটাভুটিতে সংস্থাটির ১৭৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১০৭টি দেশ ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের পক্ষে এবং বিপক্ষে ১৪টি দেশ ভোট দেয়। ভোটদানে বিরত থাকে ৫২টি দেশ। গত মঙ্গলবার থেকে এ অধিবেশন চলছে। ভোটের আগে ইউনেস্কোয় ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের দাবি অনুমোদন পেলে এ সংস্থাটিকে আর্থিক অনুদান বন্ধের হুমকি দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, কানাডা ও জার্মানি ফিলিস্তিনের দাবির বিপক্ষে ভোট দেয়। অন্যদিকে, ফিলিস্তিনের সমর্থনে ভোট দেয় ব্রাজিল, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা। আর নিরপেক্ষ অবস্থান নেয় ব্রিটেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘে পূর্ণ সদস্যপদের আহ্বান জানান। তখন থেকেই প্রথম জাতিসংঘ সংস্থা হিসাবে ইউনেস্কোর পূর্ণ সদস্য হওয়ার চেষ্টায় ছিলো ফিলিস্তিন। এ চেষ্টার এক মাস পর ইউনেস্কোয় ফিলিস্তিনের সদস্যপদের দাবি পাস হলো। ফলে রাষ্ট্র হিসাবে জাতিসংঘের স্বীকৃতি লাভে ফিলিস্তিনের পথ প্রশস্ত হলো। এখন জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়া হবে কিনা তা নিয়ে নভেম্বরের মাঝামাঝি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট হবে। সেখানে ফিলিস্তিনের দাবি পাস হলেও তাতে ভেটো ক্ষমতা প্রয়োগের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইউনেস্কোয় যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগের সুযোগ নেই বলে ফিলিস্তিন সদস্যপদ পাওয়ায় বাধার মুখে পড়েনি । ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রে পাস হওয়া এক আইনের দোহাই দিয়ে পশ্চিমা এ দেশটি বলছে, জাতিসংঘের কোনো সংস্থা (বডি) ফিলিস্তিনকে সদস্যপদ দিলে তাতে তারা অনুদান বন্ধ করবে। যুক্তরাষ্ট্র প্রতি বছর ইউনেস্কোকে প্রায় সাত কোটি ডলার অনুদান দেয় যা সংস্থাটির মোট বাজেটের ২০ শতাংশের বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৩৩ঘ.