২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল

অক্টোবর মাসে বিরল তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। ম্যাসাচুসেটসের কোনো কোনো স্থানে ২৭ ইঞ্চি পর্যন্ত বরফ জমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অক্টোবর মাসে বিরল তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। ম্যাসাচুসেটসের কোনো কোনো স্থানে ২৭ ইঞ্চি পর্যন্ত বরফ জমেছে। তুষারপাতজনিত দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া মেরিল্যান্ড থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত প্রায় ৩০ লাখ বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ অঞ্চলের বেশ কিছু বাসিন্দাকে বেশ কয়েকদিন বিদ্যুৎবিহীন থাকতে হতে পারে। বিবিসি এ খবর দিয়েছে। তুষারপাতের ফলে নিউ জার্সি, কানেটিকাট, ম্যাসাচুসেটস ও নিউ ইয়র্কের কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফিলাডেলফিয়াতে বরফপিচ্ছিল রাস্তায় পৃথক দুটি দুর্ঘটনায় ৪ জন ও পেনিসেলভানিয়ার টেম্পলে ৮৪ বছরের এক বৃদ্ধ মারা গেছে। এছাড়া কানেটিকাট, নিউ জার্সি, নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটসে তুষারপাতের কারণে ঘটা দুর্ঘটনায় একজন করে মারা গেছে। কানেটিকাটের গভর্নর ড্যানেল পি মালয় জানান, সাড়ে সাত লাখ লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তাছাড়া, তুষারপাত বন্ধের পরও ঝড় বয়ে যেতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। ওদিকে, প্রায় ছয়লাখ লোকের বাড়িতে বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩৫ ঘ.