কাবুল, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে আত্মঘাতী হামলায় তিন বেসামরিক আফগান নিহত হয়েছে।
সোমবার সকালে ওই হামলা চালানো হয়। কান্দাহারে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) অফিসের কাছে হামলা হয় বলে জানায় জাতিসংঘ।
জাতিসংঘের মুখপাত্র ড্যান ম্যাকনর্টন বলেছেন, "আজ (সোমবার) সকালে কান্দাহারে ইউএনএইচসিআর'র অথিতিশালার কাছে একটি বিস্ফোরণ ঘটে। ওই ঘটনার জের এখনো চলছে। আমাদের আফগান কর্মীদের সুরক্ষায় আমরা আমাদের পদ্ধতিতে কাজ করে যাচ্ছি।"
কান্দাহার শহর কর্তৃপক্ষ জানায়, হামলায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের একজন নেপালী নাগরিক।
কান্দাহার প্রাদেশিক পরিষদের গণসংযোগ কর্মকর্তা জানান, দুজন সশস্ত্র হামলাকারী তখনো নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করছিলো।
গত শনিবার অপর একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় যুক্তরাষ্ট্র, ব্রিটিশ ও কানাডীয় সেনাসহ ১৩ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫৫ঘ.
bdnews24