ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের হিসেবে বিশ্বের জনসংখ্যা সাতশ কোটি ছাড়িয়েছে।
কন্যাশিশু বা ভ্রƒণ হত্যার বিষয়টি নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাতশ কোটিতম বাসিন্দা হিসেবে ভারতের লখনৌর একটি শিশুকে সনাক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সমীক্ষা চালিয়ে ওই শিশুটিকে শনাক্ত করে।
প্ল্যান ইন্টারন্যাশনাল নামে ওই সংস্থাটি বলছে, এই নবজাতক শুধু সাতশ কোটিতম অধিবাসীর মাইলফলকই নয়, প্রতিটি কন্যাশিশুর বেঁচে থাকার অধিকারেরও প্রতীক।
জাতিসংঘ সংস্থা বিশ্ব জনসংখ্যা তহবিল- ইউএনএফপিএ'র তথ্য অনুযায়ী, পৃথিবীর জনসংখ্যা ১৮০৪ সালে একশ, ১৯৫৯ সালে তিনশ, ১৯৭৪ সালে চারশ, ১৯৮৭ সালে পাঁচশ এবং ১৯৯৯ সালে ছয়শ কোটি স্পর্শ করে।
বিশ্বের ছয়শ কোটিতম শিশুটির বাবা-মা ছিলো বসনিয়ার শরণার্থী। জাতিসংঘ ওই শিশুটিকে শনাক্ত করলেও এবার জনসংখ্যা সাতশ কোটিতে স্পর্শ উপলক্ষে তেমন কোনো কর্মসূচি নেয়নি এই বিশ্বসংস্থা।
সাতশ কোটিতম অধিবাসী শনাক্তে লখনৌর মল গ্রামে ১০ জন প্রসূতি সম্ভবা নারীকে বেছে নেয় প্ল্যান ইন্টারন্যাশনাল, যারা ৩১ অক্টোবর সন্তান প্রসব করবেন। এদের মধ্য থেকেই সাতশ কোটিতম শিশুটিকে চিহ্নিত করা হয়।
ভারতে প্ল্যান ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ভাগ্যশ্রী ডেঙ্গেল বলেন, ছেলে সন্তানের প্রতি এ অঞ্চলের বাবা-মায়ের তীব্র আসক্তির কারণে লাখো কন্যাসন্তান হয় পৃথিবীর আলোর মুখ দেখে না, না হয় কম বয়সে মারা যায়।
লখনৌতে জন্ম নেওয়া ওই কন্যাশিশুটিকে দীর্ঘ সময় ধরে চলে আসা অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শুরুর প্রতীক হিসেবে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
ইউএনএফপিএ'র হিসাবে, ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা হবে ৯০০ কোটি এবং এ শতাব্দীর শেষ নাগাদ তা হবে ১ হাজার কোটি স্পর্শ করবে। আফ্রিকার ৩৯টি, এশিয়ার নয়টি, ওশেনিয়ার ছয়টি এবং ল্যাতিন আমেরিকার চারটি দেশের মানুষের উচ্চ প্রজনন হার (উর্বরতা হার) এই বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে।
২০১১ সালে পৃথিবীর মোট জনসংখ্যার ৬০ শতাংশের বাস এশিয়ায়, তখন আফ্রিকায় বাস করে মাত্র ১৫ শতাংশ। কিন্তু আফ্রিকার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ২ দশমিক ৩ শতাংশ, যা এশিয়ার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ শতাংশের দ্বিগুণেরও বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/১০৩৬ ঘ.
bdnews24