বেইজিং, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñলিবিয়ার নিহত সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলামের বিরুদ্ধে জনসাধারণের ওপর হামলা পরিকল্পনায় জড়িত থাকা এবং ভারাটে সেনা দলে ভেড়ানোর 'অকাট্য প্রমাণ' আছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌসুলি লুইস মরেনো-ওকাম্পো।
বেইজিংয়ে এক সম্মলনে যোগদানকালে ওকাম্পো রয়টার্সকে বলেন, "সাঈফ কিভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করেছেন এবং বিভিন্ন দেশ থেকে সেনা ভাড়া করেছেন সে ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের কাছে প্রত্যক্ষ সাক্ষী আছে।"
শুধু একজন নয় এ বিষয়ে অনেক সাক্ষী আছে বলেও জানিয়েছেন তিনি।
সুতরাং তিনি বলেন, "এ মামলা প্রমাণের জন্য আমাদের কাছে 'অকাট্য প্রমাণ' আছে। তবে এ প্রমাণ থাকার পরও সাঈফ এখনো নির্দোষ। তাকে আদালতে যেতে হবে এবং বিচারক তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।"
ওকাম্পো আরো জানান, বেশ কয়েক বছর আগে তিনি সাঈফের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সাইফ তখন গণহত্যা ও অন্যান্য অভিযোগে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে গ্রেপ্তারের আইসিসি'র চেষ্টায় সমর্থন জুগিয়েছিলেন।
লিবিয়ায় আইসিসির কাজ সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানাতে সোমবার নিউ ইয়র্ক যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন ওকাম্পো।
শনিবার আইসিসি'র পক্ষ থেকে জানানো হয়, গাদ্দাফির ছেলে সাইফ আত্মসমর্পণের জন্য মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪৯ঘ.
bdnews24