২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতির পর গাজায় নতুন করে ইসরায়েলি হামলা

আবার উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি। দুপক্ষের মধ্যে মিশরের যুদ্ধবিরতির উদ্যোগের পর রোববার নতুন করে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

গাজা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ আবার উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি। দুপক্ষের মধ্যে মিশরের যুদ্ধবিরতির উদ্যোগের পর রোববার নতুন করে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে এক ফিলিস্তিনি। গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরেকজন। গাজায় শনিবারের ইসরায়েলি বিমান হামলায় ১০ জন নিহতের পর মিশর রোববার পরিস্থিতি শান্ত করতে যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু সে যুদ্ধবিরতি মাত্র ৮ ঘণ্টা পেরুতেই গাজায় আবারো হামলা চালায় ইসরায়েল। মিশরের কর্মকর্তারা যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টা পর ইসলামিক জিহাদের এক সূত্র কায়রোর এ চেষ্টাকে স্বাগত জানায়। এর আগে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসলামিক জিহাদের ঘাঁটিতে শনিবার ইসরায়েলের বিমান হামলায় শীর্ষ পাঁচ ফিলিস্তিনি গেরিলা নিহত হয়। এছাড়া ইসরায়েলে ছোড়া ফিলিস্তিনের রকেট হামলায় এক ইসরায়েলি নাগরিক নিহত হয়। দক্ষিণাঞ্চলীয় রাফার প্রশিক্ষণ ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলার আগে এ সপ্তাহে একটি রকেট হামলার জন্য ইসরায়েল ইসলামিক জিহাদকে দোষারোপ করেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইসলামিক জিহাদ জানায়, বিমান হামলায় তাদের কমান্ডারদের মধ্যে অন্যতম আহমদ আল-শেখ খলিল ও চারজন কমরেড মারা গেছে। এছাড়া আহত হয়েছে আরো দুই যোদ্ধা। ইসরায়েল ও ফিলিস্তিন দুপক্ষের মধ্যে কয়েকসপ্তাহের অপেক্ষাকৃত শান্ত অবস্থা এবং বন্দিবিনিময়ের পর শনিবার নতুন করে সহিংসতা শুরু হয়। ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা একটি সন্ত্রাসী স্কোয়াড লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল আরো দুটি বিমান হামলায় ইসলামিক জিহাদের চার বন্দুকধারী নিহত ও একজন আহত হয়েছে। ওদিকে, সন্ধ্যা নাগাদ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ২০টি রকেট ও মর্টার বোমা হামলা হয়েছে। এতে উপকূলীয় আশকেলন এলাকায় একজন (৫০) নিহত ও দুজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে বলে পুলিশ জনায়। ইসলামিক জিহাদ, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) ও আল-আকসা মার্টিয়ারস ব্রিগেডসন পৃথক পৃথকভাবে এ হামলার দায় স্বীকার করে। দুপক্ষের উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে মিশর যুদ্ধবিরতির চেষ্টা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৫৮ঘ.