ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)Ñ বিশ্বের জনসংখ্যা ৩১শে অক্টোবর ৭শ' কোটিতে গিয়ে দাঁড়াবে। আর এই ৭শ' কোটিতম শিশুটি ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে জন্ম নেবে।
ভারত এ দিন উদযাপন করতে যাচ্ছে।
তবে এ বিষয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, "বিষয়টি আনন্দেন নয়, গভীর উদ্বেগের।৭শ' কোটিতম এ শিশুর জন্মক্ষণ আমাদের উদযাপন করা উচিৎ হবে না। বিশ্বের মোট ভূমির ২ দশমিক ৪ শতাংশ ভারত আর বিশ্বের মোট জনসংখ্যার ১৮ শতাংশের বাস এখানে। আমাদের জনসংখ্যা বৃদ্ধি যখন একটি স্থিতিশীল বিষয়ে পরিণত হবে তখনই কেবল বিষয়টি আমাদের জন্য উৎসবের হবে।"
বর্তমানে ভারতের মোট জনসংখ্যা প্রায় ১শ' ২১ কোটি।
ওদিকে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক বাবাতুন্দে ওসেতিমেহিন রয়টার্সকে বলেন, "বিশ্বের কিছু অংশের জনসংখ্যা বৃদ্ধি হ্রাস পাচ্ছে। তারা উৎপাদনশীলতা নিয়ে উদ্বিগ্ন। বিশ্বের আরেকটি অংশে জনসংখ্যা এতো দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে তারা অভিবাসন, দারিদ্র, খাদ্য নিরাপত্তা, পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন নানা কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। এদিকটাতে নজর দেয়ার আহ্বান জানাতে হবে।"
চলতি বছরের ৩১ অক্টোবর বিশ্বের ৭শ' কোটিতম শিশুর জন্ম হবে বলে জাতিসংঘ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৩ ঘ.
bdnews24