ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের একটি কয়লাখনিতে বিস্ফোরণে ২৯ জন নিহত হয়েছে।
গ্যাস থেকে এই বিস্ফোরণের সূত্রপাত বলে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি রোববার এ খবর জানায়।
সিয়ালিউকঙ নামে ওই কয়লাখনি থেকে উদ্ধার করা ৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই খনিটি হ্যাঙইয়াঙ শহর প্রশাসনের মালিকানাধীন।
চীনের কয়লাখনিগুলো বিশ্বের অন্যতম প্রাণঘাতী বলে পরিচিত। দেশটিতে সা¤প্রতিক বছরগুলোতে অনেক শ্রমিক খনি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।
২০১০ সালে চীনে কয়লাখনি দুর্ঘটনায় ২ হাজার ৪শ' ৩৩ জন নিহত হয়েছে। তবে এর আগের বছর অর্থাৎ ২০০৯ সালের তুলনায় পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছিল। ২০০৯ সালে চীনে খনি দুর্ঘটনায় নিহত হয় ২ হাজার ৬শ' ৩১ জন।
কিন্তু শ্রমিক অধিকার গোষ্ঠীগুলো দাবি করেছে, সরকারি পরিসংখ্যানে দুর্ঘটনায় নিহতের যে সংখ্যা উল্লেখ করা হয়, প্রকৃত সংখ্যা তারচে' অনেক বেশি।
প্রায়শ'ই দেশটিতে খনি দুর্ঘটনা ঘটলেও এ বিষয়ে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন খুব কমই হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১১ ঘ.
bdnews24