কাবুল, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি বাহিনীর একটি গাড়িবহরে আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনা নিহত হয়েছে।
শনিবারের এ হামলা আফগানিস্তানে ১০ বছরের যুদ্ধে বিদেশি সেনাদের ওপর স্থলে চালানো একক হামলায় সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে।
আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন সিকিউরিটি অ্যাসিসট্যানস ফোর্সের (আইএসএএফ) এক মুখপাত্র বলেছেন, "আমরা নিশ্চিত করতে পারি যে, ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যানস ফোর্সের ১৩ সদস্য নিহত হয়েছেন।"
পরবর্তীতে পেন্টাগনের এক মুখপাত্র বলেছেন, নিহতদের সবাই মার্কিন সেনা।
ন্যাটোর এক মুখপাত্র বিবিসিকে বলেন, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে এ হামলা চালায় আত্মঘাতী।
কাবুলের পশ্চিমের দারুলআমান এলাকায় শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে চালানো এ হামলায় তিন আফগান বেসামরিক নাগরিক এবং একজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।
.
হামলার দায় স্বীকার করে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, ৭০০ কেজি বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ব্যবহার করে এ হামলা চালানো হয়।
গত সেপ্টেম্বরে কাবুলে মার্কিন দূতাবাস ও আইএসএএফ'র সদর দপ্তরে ভয়াবহ হামলা চালানোর দুমাসের মাথায় আবারো কাবুলে বিদেশি সেনাদের ওপর হামলা হলো। সেপ্টেম্বরের হামলায় প্রায় ২০ ঘণ্টা ধরে পাল্টা আক্রমণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইএসএএফ।
আফগানিস্তানে বর্তমানে ১ লাখ ৩০ হাজারেরও বেশি বিদেশি সেনা অবস্থান করার পরও আফগানিস্তানজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ছে। ১০ বছর আগে আফগান যুদ্ধ হলেও সা¤প্রতিক সময়েই দেশটিতে সহিংসতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/২১২৭ ঘ.
.
bdnews24