২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষের জেরে কান্তাসের সব ফ্লাইট বন্ধ

শ্রমিক অসন্তোষের জের ধরে শনিবার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট বন্ধ করেছে অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

সিডনি, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রমিক অসন্তোষের জের ধরে শনিবার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট বন্ধ করেছে অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইন। কান্তাস এয়ারলাইনের এক বিবৃতিতে বলা হয়েছে, কোম্পানিতে অস্থিরতা সৃষ্টিকারী সব কর্মীকে সোমবার সন্ধ্যা থেকে কর্মস্থলে ঢুকতে দেওয়া হবে না এবং শনিবার গ্রিণিচ মান সময় ০৬০০ থেকে ফ্লাইট স্থগিত করে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে বিমান অবতরণ শুরু হয়েছে। "এখন উড্ডয়নরত সব বিমান তাদের গন্তব্যে যাবে। তবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে আর কোনো বিমান যাত্রা করবে না।" অস্ট্রেলিয়ার সবচেয়ে বৃহৎ এয়ারলাইন কান্তাসের এ সিদ্ধান্তে বিশ্বব্যাপী কয়েক হাজার মানুষ ভ্রমণ জটিলতায় পড়েছেন। এ তালিকায় অস্ট্রেলিয়ায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগদানকারী ১৭ জন বিশ্বনেতাও রয়েছেন। ফ্লাইট বন্ধের এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। কান্তাসের এ সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের জন্যও লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। পার্থে অনুষ্ঠিত কমনওয়েলথের ওই সম্মেলনে অংশগ্রহণকারী ১৭টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধান রোববার কান্তাস এয়ারলাইনে ভ্রমণের জন্য টিকিট বুক করেছিলেন। কান্তাসের ব্যয় সংকোচনের পরিকল্পনার বিরোধিতা ও বেতন বৃদ্ধিও দাবিতে গত সেপ্টেম্বর থেকে বৈমানিক থেকে শুরু করে সব পর্যায়ের কর্মীরা ধর্মঘট করে আসছিলো। আন্তর্জাতিক বাণিজ্যে ক্ষতি পুষিয়ে নিতে এক হাজার কর্মীকে চাকরিচ্যুতি এবং এশিয়ায় দুটি নতুন এয়ারলাইনস প্রতিষ্ঠায় নতুন বিমান কেনার জন্য নয়শ' কোটি ডলার বরাদ্দের পরিকল্পনা করে কান্তাস। কান্তাসের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের সঙ্গে চলমান বিরোধে ৭০ হাজারের বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সপ্তাহে এক কোটি ৬০ লাখ ডলার আয় থেকে বঞ্চিত হয়েছে তারা। শনিবার সিডনিতে কান্তাসের প্রধান নির্বাহী অ্যালান জয়সি সাংবাদিকদের বলেন, "তারা আমাদের ব্যবসায়ী নীতি ও আমাদের ব্রান্ডকে ক্ষতিগ্রস্ত করছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোম্পানিকে অস্থিতিশীল করে তুলছে। গ্রাহকরা এখন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।" তিনি বলেন, ফ্লাইট বন্ধ করা খুবই কঠিন সিদ্ধান্ত হলেও ইউনিয়নগুলোর দাবির মুখে এটা ছাড়া আর কোনো বিকল্প ছিলো না। ফ্লাইট বন্ধ করায় প্রতিদিন দুই কোটি ১৪ লাখ ডলারের ক্ষতি হবে বলে কান্তাসের পক্ষ থেকে বলা হয়। কান্তাসে ভ্রমণের জন্য যারা টিকিট বুক করেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্তরা পুরো অর্থ ফেরত পাবেন বলেও কান্তাসের এক বিবৃতিতে বলা হয়। সিডনিতে কান্তাস এয়ার লাইনের প্রধান কার্যালয়। এটা বিশ্বে দ্বিতীয় এয়ারলাইন হিসেবে যাত্রা করে। গত বছর এ এয়ারলাইন প্রতিষ্ঠার ৯০ বর্ষপূর্তি পালন করা হয়েছে। সাড়ে ৩২ হাজার কর্মী রয়েছে এ প্রতিষ্ঠানের। বিশ্বের ১৮০টি বিমানবন্দরে এর ফ্লাইট চালু রয়েছে। ইউনিয়নগুলো ও কান্তাসের মালিকপক্ষের বিরোধ নিষ্পত্তিতে শনিবার রাতে একটি স্পেশাল লেবার ট্রাইব্যুনাল শুনানি হতে পারে। সেখানে বিরোধ নিষ্পত্তি হলে রোববার থেকে আবার ফ্লাইট চালু করতে পারে কান্তাস। এদিকে এয়ার ফ্রান্সের কেবিন ক্রুদের পাঁচদিনের ধর্মঘট শুরু হওয়ায় অনেক ফ্লাইট বন্ধ করেছে তারা। চাকরির শর্ত নিয়ে কেবিন ক্রুরা এ ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের এক পঞ্চমাংশ ফ্লাইট বাতিল হয়েছে বলে এয়ার ফ্রান্স জানিয়েছে। শনিবার এয়ার ফ্রান্সের এক বিবৃতিতে বলা হয়েছে, নিউ ইয়র্ক, টোকিও, মন্ট্রিল, আবু ধাবির মতো দীর্ঘ যাত্রাপথের ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০৫২ ঘ.