২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'তালেবান জঙ্গিদের সহায়তা করছে পাকিস্তান'

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনা বাহিনীর ওপর হামলা চালাতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তালেবান জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

লন্ডন, অক্টোবর ২৭ (বিডিনিউজ নিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনা বাহিনীর ওপর হামলা চালাতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তালেবান জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে। তালেবান গোষ্ঠীর মধ্যমসারির নেতারা বিবিসি প্রচারিত এক তথ্যচিত্রে এ দাবি করে সাক্ষাৎকার দেন। 'সিক্রেট পাকিস্তান' নামে দুই পর্বের ওই তথ্যচিত্রের প্রথম পর্ব বুধবার প্রচারিত হয়েছে। আফগানিস্তানে বিদেশি সেনাবাহিনীর ওপর তালেবান জঙ্গিদের হামলার জন্য পাকিস্তানের মদদ রয়েছে বলে যুক্তরাষ্ট্র স¤প্রতি অভিযোগ করে। এমন কি এ বিষয়ে পাকিস্তান দ্বৈত ভূমিকা পালন করছে বলেও দাবি করে যুক্তরাষ্ট্র। কিন্তু পাকিস্তার শুরু থেকেই তা অস্বীকার করে আসছে। বিষয়টি নিয়ে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছে। তালেবান গোষ্ঠীর নেতাদের আইএসআই'র সহায়তা পাওয়ার এই দাবি ওই দুই দেশের মধ্যকার সন্দেহকে নতুন করে আরো উস্কে দেবে বলেই বিশ্লেষকদের ধারণা। আফগানিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান ওই তথ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "২০০৬ সালেই আফগানিস্তান তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে জানিয়েছিল, ওসামা বিন লাদেন পাকিস্তানের উত্তরাঞ্চলে আত্মগোপন করে রয়েছেন।" বিন লাদেনের অবস্থান সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, চলতি বছরের মে মাসের প্রথম দিকে সেই অবস্থানের কাছাকাছি স্থানেই মার্কিন কমান্ডো হামলায় তিনি নিহত হন। কাবুলে মার্কিন দূতাবাসে সন্ত্রাসী হামলার পর অ্যাডমিরাল মাইক মুলেন অভিযোগ করেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়েই আফগানিস্তানে মার্কিন সেনা ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে জঙ্গিরা। তিনি তখন স্পষ্ট করেই বলেন, আফগানিস্তানের জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্ক ১৩ সেপ্টেম্বর কাবুলে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে। হাক্কানি যেসব অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সেসব অস্ত্র পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্যরা ব্যবহার করে। কিন্তু পাকিস্তান সেই অভিযোগ প্রত্যাখ্যান করে। তালেবানের একজন নেতা মোল্লা কাসিম বিবিসিকে বলেন, একজন যোদ্ধার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরঞ্জামের সরবরাহ পাওয়া এবং আত্মগোপনের স্থান। তিনি বলেন, এ ক্ষেত্রে "পাকিস্তান উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। প্রথমে তারা আমাদের আত্মগোপন করার জন্য স্থান দিয়েছে যা ছিল সত্যিই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, তারা আমাদের অস্ত্র দিয়েছে।" অপর তালেবান নেতারা জানিয়েছেন, কীভাবে পাকিস্তানের মাটিতে একটি নেটওয়ার্কের মধ্যেই তারা এবং তাদের যোদ্ধারা প্রশিক্ষণ নিয়েছেন। মোল্লা আজিজুল্লাহ নামে পরিচয় দেওয়া এক তালেবান নেতা জানান, যারা প্রশিক্ষণ দিয়েছেন তারা সবাই আইএসআই'র সদস্য বা কোনো না কোনো ভাবে ওই সংস্থার সাথে সম্পৃক্ত। তিনি বলেন, "তারা সবাই আইএসআই'র সদস্য। তারা আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। প্রথমেই আমাদের বোমা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর তাদের সরাসরি তত্ত্বাবধানে আমরা হাতেকলমে প্রশিক্ষণ নিয়েছি।" বিবিসি জানিয়েছে, তাদের অনুষ্ঠানে তালেবান যা যা দাবি করেছে সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে পাকিস্তান কঠোরভাবে তা প্রত্যাখ্যান করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০০০ ঘ.