ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ ওঠায় ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী অরল্যান্ডো সিলভা পদত্যাগ করেছেন।
প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। নিজ 'সম্মান রক্ষায়' তিনি পদত্যাগ করছেন বলেও জানান।
চলতি বছরের জানুয়ারিতে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দিলমা রৌসেফ ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির অভিযোগ ওঠায় এ নিয়ে তার মন্ত্রিসভার পাঁচ মন্ত্রী পদত্যাগ করলেন বলে বিবিসি জানায়।
২০১৪ সালের বিশ্বকাপ ও ২০১৬ সালের অলিম্পিক আয়োজনের দায়িত্বে ছিলেন সিলভা।
সাংবাদিকদের দেওয়া সংক্ষিপ্ত এক বিবৃতিতে ক্রীড়া মন্ত্রী বলেন, "তিনি (প্রেসিডেন্ট) আমার এ সিদ্ধান্ত সমর্থন করেছেন। কারণ তিনি জানেন, এর মাধ্যমেই আমি আমার সম্মান রক্ষা করতে সক্ষম হব। কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমার সম্মান নষ্ট হয়েছে।"
এ মাসের শুরুতে প্রভাবশালী ম্যাগাজিন 'ভেজা'তে ক্রীড়া মন্ত্রীর বিরুদ্ধে প্রথম অভিযোগ প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, দরিদ্র শিশুদের জন্য খেলাধুলার আয়োজনে রাখা সরকারি তহবিল থেকে ২ কোটি ৩০ লাখ ডলার অপব্যবহারে সহায়তা করেছেন তিনি।
এছাড়া এনজিওদের জন্য রাখা তহবিল নিজের কমিউনিস্ট পার্টি অব ব্রাজিলের অর্থায়নে ব্যবহার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সিলভা অবশ্য এসব অভিযোগ জোড়ালোভাবে অস্বীকার করেছেন। অভিযোগকারীকে 'অপরাধী' বলেও আখ্যা দেন তিনি।
তবে ১০ দিন আগে এ অভিযোগ উঠলেও এখনও পর্যন্ত সিলভার বিরুদ্ধে জোড়ালো কোনো প্রমাণ কেউ উপস্থাপন করতে পারে নি।
এর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় প্রেসিডেন্টের চিফ অব স্টাফ, কৃষি, পর্যটন ও পরিবহন মন্ত্রী পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১২২ ঘ.
bdnews24