২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে বিলুপ্ত জাভার গণ্ডার

ভিয়েতনামে লোপ পেয়েছে জাভার গণ্ডার। এ প্রজাতির গণ্ডার গোটা বিশ্বেই প্রায় বিলুপ্তির পথে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

হ্যানয়, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিয়েতনামে লোপ পেয়েছে জাভার গণ্ডার। এ প্রজাতির গণ্ডার গোটা বিশ্বেই প্রায় বিলুপ্তির পথে। বিশ্ব বন্যপ্রাণী তহবিল ও আন্তর্জাতিক গণ্ডার ফাউন্ডেশন জানিয়েছে, ভিয়েতনামের শিকারিরা দেশের সর্বশেষ জাভান গণ্ডারটিকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এর পায়ে গুলির চিহ্ন রয়েছে এবং শিং কাটা। ঔষধ শিল্পে গণ্ডারের শিংয়ের চাহিদা থাকায় শিকারিরা প্রাণীটিকে হত্যা করে শিং সংগ্রহ করে। ইন্দেনেশিয়ার জাভা দ্বীপ থেকে শুরু করে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোসহ ভারত ও চীনেও এ প্রজাতির গণ্ডার দেখা যায়। বিশেষজ্ঞরা ২০০৮ সালে ভিয়েতনামে এ গণ্ডারের সন্ধান পান। বিশ্ব বন্যপ্রাণী তহবিলের পরিচালক ট্রান থি মিন হেইন বলেছেন, "ভিয়েতনামের গণ্ডার সংরক্ষণের জন্য উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করার পরও এই প্রাণীটিকে রক্ষা করা সম্ভব হলো না। এটি খুবই দুঃখজনক।" তিনি আরো বলেন, "ভিয়েতনাম তাদের একটি প্রাকৃতিক ঐতিহ্য হারালো।" সারা বিশ্বে লক্ষণীয়ভাবে গণ্ডার শিকারীর সংখ্যা বেড়েছে। এ বছরের শুরুর দিকে 'ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার' এর (আইইউসিএন) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকায় গণ্ডার কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্তিত্ব সংকটে ভুগছে। ট্রাফিক নামক একটি সংগঠন জানিয়েছে, এশিয়ার চিকিৎসা বাজারে গন্ডারের শিংয়ের চাহিদা থাকায় এ নিয়ে অবৈধ ব্যবসার পরিমাণ বেড়ে গেছে। ট্রাফিক বন্যপ্রাণী নিয়ে পরিচালিত ব্যবসা পর্যবেক্ষক গোষ্ঠী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৮ঘ.