২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু আলোচনা ফের শুরুর প্রস্তাব উত্তর কোরিয়ার

পরমাণু কর্মসূচি নিয়ে ছয়জাতি আলোচনা নতুন করে শুরুর প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। তবে এ আলোচনা ২০০৫ সালে স্থবির হয়ে পড়া চুক্তির ভিত্তিতে হতে হবে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

বেইজিং, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ পরমাণু কর্মসূচি নিয়ে ছয়জাতি আলোচনা নতুন করে শুরুর প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। তবে এ আলোচনা ২০০৫ সালে স্থবির হয়ে পড়া চুক্তির ভিত্তিতে হতে হবে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে জেনেভায় উত্তর কোরিয়ার কর্মকর্তাদের বৈঠক চলার মধ্যেই সোমবার পিয়ংইয়ং সফরে যাওয়া চীনের সহকারী প্রধানমন্ত্রী লি কেচিয়াংকে এ প্রস্তাব দেন কিম। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে মঙ্গলবার ২য় দিনের মতো বৈঠক করছে। তবে ইতোমধ্যে দুপক্ষের মধ্যে অনুষ্ঠিত সরাসরি বৈঠকে যুক্তরাষ্ট্র ছয়জাতি পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শুরুর বিষয়টি নিয়ে মতবিরোধ কমিয়ে আনতে পেরেছে বলে জানানোর পর কিমের পক্ষ থেকে আলোচনা নতুন করে শুরুর এ প্রস্তাব এলো। চীনের সহকারী প্রধানমন্ত্রী লি এর সঙ্গে আলাদাভাবে বৈঠক করার পরই পরমাণু আলোচনা শুরুর ক্ষেত্রে দুপক্ষ এ ইতিবাচক সাড়া দিলো। তবে লি'র সঙ্গে বৈঠকে কিম রাশিয়া ও জাপানকে নিয়ে ছয়জাতি নিরস্ত্রীকরণ আলোচনায় ফেরার আগ্রহ প্রকাশ করলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের ব্যাপারে কিছু বলেননি। কিন্তু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া চায় অর্থনৈতিক সহায়তার বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়টি নিয়ে ছয়জাতি আলোচনা শুরুর আগে উত্তর কোরিয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক । উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যু নিয়ে দুই বছর ধরে ছয় জাতি আলোচনা বন্ধ রয়েছে। আলোচনা ফের শুরু করা নিয়ে দ্বিতীয়বার এ ইস্যুতে বৈঠক করছে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া। এর আগে জুলাইয়ে যুক্তরাষ্ট্রে প্রথম দফা আলোচনা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫৩ঘ.