২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ার নির্বাচনে ভোট গণনা চলছে

তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট বেন আলির পতনের ৯ মাস পর রোববার অনুষ্ঠিত প্রথম অবাধ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

তিউনিস, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট বেন আলির পতনের ৯ মাস পর রোববার অনুষ্ঠিত প্রথম অবাধ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। নিবন্ধিত ভোটারদের ৯০ শতাংশেরও বেশি ভোটার নির্বাচনে ভোট দিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ নির্বাচনের মধ্য দিয়ে ভোটাররা ২১৭ আসনের একটি পরিষদ নির্বাচন করবে যার কাজ হবে নতুন খসড়া সংবিধান রচনা করা এবং অন্তবর্তী সরকার গঠন করে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের পট প্রস্তুত করা। নির্বাচনে ইসলামিক দল এনাদাহ পার্টি বেশিরভাগ ভোট পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে দলটি সংখ্যাগরিষ্ঠ ভোট নাও পেতে পারে বলে আশঙ্কা আছে। তিউনিসিয়া বেতারে সোমবার উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে প্রাপ্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। উত্তরাঞ্চলের শহর বেজায় এনাহদাহ এগিয়ে রয়েছে। অপর দিকে মধ্যবামপন্থি দল 'কংগ্রেস ফর রিপাবলিক পার্টি (সিআরপি) ও ভাল অবস্থানে রয়েছে। তিউনিসিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, স্ফাক্স ও কেফ নামের দুটি প্রাদেশিক শহরে ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে এনাহদাহ এগিয়ে রয়েছে। এর মধ্যে স্ফাক্সে সিপিআর দ্বিতীয় অবস্থানে এবং কেফ শহরে এত্তাকাতোল নামের সমাজতান্ত্রিক একটি দল দ্বিতীয় অবস্থানে রয়েছে। রোববার তিউনিসিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বিদেশে বসবাসকারী তিউনেসিয়রাও ভোট দেয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য তিউনিসিয়ার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র এবং ইইউ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ভোটকে আগামীর পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। তিউনিসিয়ায় দারিদ্র, বেকারত্ব এবং সরকারের নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি সৌদি আরবে পালিয়ে যেতে বাধ্য হন প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলি। তিউনিসিয়ায় বিক্ষোভে এ সাফল্যের অনুপ্রেরণায়ই গোটা আরব বিশ্ব জুড়ে সরকার-বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৫ঘ.