মুম্বাই, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমরা ২৬৮ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিলাম, নামছি ২৬৯ জন যাত্রী নিয়ে- শিশুটির জন্মের ঘোষণা এভাবেই দিলেন এয়ার ইন্ডিয়ার দিল্লি-টরন্টো ফ্লাইটের ক্যাপ্টেন।
শনিবার ভারত থেকে কানাডা যাওয়ার সময় ভারতীয় এক নারী বিমানেই সন্তান প্রসব করেন বলে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।
এ প্রসবে সহায়তায় কোনো ধাত্রীবিদ ছিলেন না, বিমানযাত্রী এক শিশু চিকিৎসক ও এক ক্যান্সার চিকিৎসকের সহায়তায় স্বাভাবিকভাবেই পৃথিবীর আলো দেখে ওই কন্যাশিশু।
শিশুটি এবং তার ৩৫ বছর বয়সি মা কুলরাজ কাউর পুরোপুরি সুস্থ বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। টরন্টোয় নামার পরপরই একটি অ্যাম্বুলেন্সে করে দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, বিমানের ক্যাপ্টেন কপিল কোহলি যখন টরন্টো বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত এক যাত্রীর খবর জানান, তখন শুরুতে আতঙ্ক দেখা দেয়। তবে নবজাতকের জন্মের খবর শুনে পরক্ষণেই স্বস্তি নেমে আসে।
কপিল কোহলি জানান, এয়ার ইন্ডিয়া-১৮৭ ফ্লাইটটি দিল্লি থেকে ওড়ার কিছ সময় পরই কুলরাজের প্রসব বেদনা ওঠে। স্বামীর সঙ্গে কানাডা যাচ্ছিলেন তিনি।
ক্যাপ্টেন প্রথম ভাবছিলেন, বিমানটি কাছে কোথাও অবতরণ করবেন কি না। অন্যদিকে ঘোষণা দিয়ে বিমানযাত্রীদের মধ্যে পাওয়া যায় দুজন চিকিৎসক। তারা জানান, অবতরণ করে লাভ নেই। কারণ, শিশুটি ভূমিষ্ঠ হওয়া সময়ের ব্যাপার মাত্র।
এরপর বিমানকর্মীদের সহায়তায় দুই চিকিৎসক উড়োজাহাজেরই একটি স্থানে স্বাভাবিক প্রসব করান শিশুটির, যদিও তাদের মধ্যে কেউ ধাত্রীবিদ্যায় বিশেষজ্ঞ ছিলেন না।
দিল্লি থেকে টরন্টো যেতে সময় লাগে ১৩ ঘণ্টা। বিমানকর্মীরা জানান, শিশুটি যখন ভূমিষ্ঠ হয়, তখন উড়োজাহাজটি ছিলো কাজাখস্তানের আকাশে, ভূপৃষ্ঠ থেকে ৩১ হাজার ফুট উঁচুতে।
বিমানযাত্রার ক্ষেত্রে এয়ার ইন্ডিয়ায় ৩৫ সপ্তাহের গর্ভাবস্থার পর সন্তানসম্ভবা নারীদের অনুমতি দেওয়া হয় না। কয়েকটি এয়ারলাইন্সে এ সময় ৩২ সপ্তাহ। কুলরাজের সন্তান ভূমিষ্ঠ হয়েছে ৩২ সপ্তাহেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৪৪ ঘ.
bdnews24