২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির 'ক্রসফায়ারে' মৃত্যু নিয়ে প্রশ্ন এনটিসি কর্মকর্তার

কিভাবে মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু হয়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিবিয়ার জাতীয় অন্তর্র্বতীকালীন পরিষদের (এনটিসি) এক কর্মকর্তা। এতে 'ক্রসফায়ারে' গাদ্দাফির মৃত্যু হয়েছে বলে ক্ষমতাসীন কর্তৃপক্ষের আগের বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 06:04 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিভাবে মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু হয়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিবিয়ার জাতীয় অন্তর্র্বতীকালীন পরিষদের (এনটিসি) এক কর্মকর্তা। এতে 'ক্রসফায়ারে' গাদ্দাফির মৃত্যু হয়েছে বলে ক্ষমতাসীন কর্তৃপক্ষের আগের বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার ওয়াহিদ বুরশান নামে এনটিসি'র ওই কর্মকর্তা আল- জাজিরাকে বলেন, জীবিত অবস্থায় গাদ্দাফিকে ধরা হয় এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিভাবে তার মৃত্যু হলো তার তদন্ত হওয়া উচিত। "আমরা দেখেছি, তিনি জীবিত ছিলেন এবং তারপর তিনি মারা যান। আমরা যতোদূর বলতে পারি, তখন কোনো যুদ্ধ হয়নি।" "তাকে মিসরাতা নেওয়ার সময় কি যুদ্ধ হয়েছিলো? আমরা জানি না", যোগ করেন তিনি। লিবিয়ার অন্তর্র্বতীকালীন সরকারের প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল বলেছিলেন, গাদ্দাফি 'ক্রসফায়ারে' নিহত হয়েছেন। বুরশানের এ বক্তব্য জিবরিলের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। অবশ্য গাদ্দাফির মৃত্যু নিয়ে সৃষ্ট রহস্যের কারণে শুক্রবার এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ কর্মকর্তা ক্রিস্টোফ হেইনস শুক্রবার বলেন, লিবিয়ার ক্ষমতাচ্যুৎ নেতাকে হত্যার ধরন যুদ্ধাপরাধ হতে পারে। শনিবার গাদ্দাফির মৃতদেহ এক নজর দেখার জন্য মিসরাতায় তার হিমঘরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে শত শত মানুষ। কখন ও কোথায় তাকে সমাহিত করা হবে তা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। গাদ্দাফির মৃত্যুচিহ্ন লোকচক্ষুর আড়ালে শনিবার দ্বিতীয় দিনের মতো গাদ্দাফির মৃতদেহ জনগণকে দেখার সুযোগ দেওয়া হলেও তার শরীরের ক্ষতচিহ্নগুলো আড়াল করে রাখা হয়েছে। রয়টার্স বলছে, কীভাবে গাদ্দাফির মৃত্যু হয়েছে সে বিতর্কের অবসান ঘটাতে পারে ওই চিহ্নগুলোই। হিমঘরের মেঝেতে একটি মাদুরের ওপর তার মৃতদেহ শুইয়ে রাখা হয়েছে। যে ব্যক্তি দীর্ঘ ৪২ বছর দেশ শাসন করেছেন তিনি সত্যিই মারা গেছেন কি না তা দেখতে শত শত মানুষ সেখানে ভিড় জমায়। শুক্রবার গাদ্দাফির পুরো দেহ দেখানো হলেও এদিন তার দেহ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়, শুধু মুখমণ্ডলটুকু দেখা যায়। শরীরের অন্যান্য অংশের আঘাত ও বুকের ক্ষতচিহ্ন আগে উন্মুক্ত রাখা হলেও এদিন ঢেকে রাখা হয়। রয়টার্সের একজন সাংবাদিক বলেন, তিনি দেখেছেন গাদ্দাফির মাথা বাঁ দিকে ঘোরানো রয়েছে। এর অর্থ হচ্ছে, তার মুখের বাঁ পাশে কানের ঠিক সামনে যেখানে বুলেটের ক্ষত আগে দেখা গিয়েছিলো এখন আর তা দেখতে দেওয়া হচ্ছে না। "ওই বুলেটের ক্ষত এবং শরীরের অন্যান্য স্থানের ক্ষতই কীভাবে গাদ্দাফির মৃত্যু হয়েছে সে বিতর্কের অবসান ঘটাতে পারে।" লিবিয়ার নতুন শাসকগোষ্ঠী বলছে, যুদ্ধ চলাকালে গাদ্দাফি ক্রসফায়ারে নিহত হয়েছেন। অন্যদিকে অনেকে দাবি করছেন, যে যোদ্ধারা তাকে ধরেছে তারাই তাকে হত্যা করেছে। মিসরাতার একজন স্থানীয় সেনা কমান্ডার নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, "আমরা তাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু তরুণরা দিশেহারা হয়ে পড়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/পিডি/২৩৫৯ ঘ.