ডেড সি, জর্ডান, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় একটি 'জাতীয় পরিষদ' গঠনের উদ্দেশ্যে আগামী আট মাসের মধ্যে সাধারণ নির্বাচন হবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল।
শনিবার জর্ডানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে লিবিয়ার 'ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল'র (এনটিসি) এ নেতা বলেন, এ সপ্তাহে মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়ায় ছড়িয়ে থাকা অস্ত্র প্রত্যাহার, স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া শুরু করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি বলেন, "লিবিয়ায় জাতীয় কংগ্রেস, পার্লামেন্টের মতো একটা কিছু গঠন করার জন্য সর্বোচ্চ আট মাসের মধ্যে একটি নির্বাচন হওয়া উচিত।
ওই জাতীয় কংগ্রেসের দুটি দায়িত্ব থাকবে- একটি সংবিধানের খসড়া প্রণয়ন যার ওপর আমরা গণভোট করবো এবং পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার গঠন করা।"
১৯৬৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের উচ্ছেদ করে লিবিয়ার ক্ষমতা দখল করেন গাদ্দাফি। তখন থেকে গত অগাস্টে ত্রিপোলির দখল হারানো পর্যন্ত লিবিয়া শাসন করছিলেন তিনি।
গাদ্দাফি নিহত হওয়ায় লিবিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে বলে মনে করছে দেশটির অন্তবর্তী কর্তৃপক্ষ এনটিসি। বৃহস্পতিবার সির্তে থেকে গাদ্দাফিকে আটক করার খবর প্রচারের পরপরই তিনি নিহত হয়েছেন বলে জানায় এনটিসি কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/এএমটি/১৯১৮ ঘ.
bdnews24