২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিনেস রেকর্ডে আশা ভোঁসলে

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সর্বাধিক সংখ্যক গান গাওয়ার অনন্য গৌরব অর্জন করেছেন। আর তারই স্বীকৃতি হিসেবে তিনি নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 08:58 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সর্বাধিক সংখ্যক গান গাওয়ার অনন্য গৌরব অর্জন করেছেন। আর তারই স্বীকৃতি হিসেবে তিনি নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে। শুক্রবার হিন্দুস্থান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার আশা ভোঁসলেকে এই স্বীকৃতি প্রদান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। প্রতিবেদনটিতে বলা হয়, ৭৮ বছর বয়সী আশা ১৯৪৭ সাল থেকে ২০টিরও বেশি ভাষায় (ভারতীয়) প্রায় ১১ হাজার একক, দ্বৈত এবং সমবেত সঙ্গীতের রেকর্ডে কন্ঠ দিয়েছেন। একটি বিবৃতিতে বলা হয়, 'দম মারো দম', 'মেহবুবা মেহবুবা', 'পিয়া তু আব তো আজা' এবং 'চুরা লিয়া হায় তুমনে জো দিল কো'র মত চিরনতুন ও মনমাতানো গানের শিল্পী আশাকে লন্ডনে অনুষ্ঠিত এশিয়ান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিনেস সম্মানে ভূষিত করা হয়। গিনেস সম্মান প্রাপ্তির প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত আশা বলেন, "আজকে নিজেকে সত্যিই বিশ্বস্বীকৃত শিল্পী মনে হচ্ছে। আমার দখলে সর্বাধিক সংখ্যক রেকর্ড (গান) আছে জেনেও আজ পর্যন্ত এই মুহূর্তটির জন্য মুখ খুলিনি।" তিনি এই সম্মান অর্জনে সহযোগিতা করার জন্য সঙ্গীত বিশেষজ্ঞ বিশ্বাস নেরুর্কারকে ধন্যবাদ জানিয়ে বলেন, "বিশ্বাস নেরুর্কার আমার সবগুলো রেকর্ড সংগ্রহ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষকে সঠিক তথ্য দেয়ার জন্যই আমি এ স্বীকৃতি পেয়েছি।" বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকরের ছোট বোন আশা তার ভক্তদের উদ্দেশ্যে বলেন," আমি আশা করি আপনারা আমাকে, আমার গাওয়া গানকে অতীতে যেভাবে ভালোবেসেছেন আগামী দিনগুলোতেও একইভাবে ভালোবাসবেন। আর সেই সঙ্গে আমার অভিনীত হিন্দি ফিল্ম 'ম্যা তু'কেও।" 'ম্যা তু' চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন আশা। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/সিআর/১৪৩৯ ঘ.