ব্রাসেলস, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি মাসের শেষ নাগাদ লিবিয়ায় সাত মাস ধরে চলা অভিযানের সমাপ্তি টানবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ন্যাটোর সেক্রেটারি জেনারেল এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।
ন্যাটোর সেক্রেটারি জেনারেল অ্যান্ডার্স ফগ রাসমুসেন শুক্রবার রাতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস-এ ন্যাটোর সদর সপ্তরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি জানান, পশ্চিমা জোট আগামী ৩১ অক্টোবর থেকে লিবিয়ায় 'অপারেশন ইউনিফাইড প্রটেক্টর' বন্ধ করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রাসমুসেন বলেন, "আমরা লিবিয়ায় জটিল একটি অভিযান নজিরবিহীন দ্রুততায় সম্পন্ন করেছি আর সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা এটি পরিচালনা করেছি। এখানে আমরা যে সাফল্য পেয়েছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।"
অন্যান্য পশ্চিমা কর্মকর্তার মতো রাসমুসেনও সংবাদ সম্মেলনে গাদ্দাফিকে হত্যার কোন নিন্দা জানান নি। লিবিয়ার জাতীয় অন্তর্র্বতী পরিষদের (এনটিসি) সেনারা গাদ্দাফিকে জীবিত অবস্থায় আটক করলেও হাসপাতালে পাঠানো হয় তার মৃতদেহ।
গত বৃহস্পতিবার গাদ্দাফির গাড়িবহর সির্ত শহর ছেড়ে পালানোর সময় দ্রুত গাতিতে শহরের বাইরের দিকে ধাবমান সশস্ত্র গাড়ি বহর দেখে হামলা চালায় ন্যাটোভুক্ত ফরাসি যুদ্ধ বিমান। হামলায় গাদ্দাফির গাড়িবহরের দশটি গাড়ি ধ্বংস হয় ও গাদ্দাফি আহত হন।
পরে রাস্তার পাশে এক পানির পাইপে লুকিয়ে থাকা অবস্থায় আহত গাদ্দাফিকে আটক করে এনটিসির যোদ্ধারা।
লিবিয়ার বেসামরিক নাগরিকদের গাদ্দাফি বাহিনীর হামলা থেকে রক্ষা করতে আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের অনুমোদন নিয়ে ১৯ মার্চ থেকে লিবিয়ায় গাদ্দাফির সামরিক স্থাপনা লক্ষ করে বিমান অভিযান শুরু করে পশ্চিমা শক্তিগুলো। কিন্তু কিছুদিন পরই ওই অভিযানের নেতৃত্ব নিয়ে নেয় ন্যাটো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২০ ঘ.
bdnews24