লন্ডন, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ আর নেই। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
সৌদি টেলিভিশনের বরাত দিয়ে শনিবার বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানায়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ সৌদি আদালতের এক বিবৃতি দিয়ে যুবরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এতে বলা হয়েছে, "সৌদি বাদশাহ আব্দুলাহ বিন আব্দুল আজিজ তার ভাই ও যুবরাজের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। শারীরিক অসুস্থতার কারণে শনিবার সকালে মারা গেছেন যুবরাজ। এ সময় তিনি সৌদি আরবের বাইরে অবস্থান করছিলেন।"
৮৬ বছর বয়সী যুবরাজ সুলতান দেশটির উপপ্রধানমন্ত্রীসহ প্রতিরক্ষা ও বিমান চলাচলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০০৪ সালে যুবরাজ সুলতানের মলাশয়ের ক্যান্সার ধরা পড়ার পর তিনি প্রায়ই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতেন। চলতি বছর জুলাই মাসে সেখানে তার একটি অস্ত্রোপচারও হয়। যুবরাজ সুলতান নিউ ইয়র্কেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরবের বর্তমান বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের পর তারই বাদশা হওয়ার কথা ছিল।
বর্তমান বাদশা আবদুল্লাহর সৎভাই ছিলেন সুলতান। তিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ ওরফে ইবনে সৌদের ছেলে এবং প্রভাবশালী সৌদারি সেভেন পরিবারের সদস্য।
ইবনে সৌদের সবচেয়ে প্রভাবশালী স্ত্রী হাসা বিনতে আহমাদ আল-সৌদারির ছেলেরা সৌদারি সেভেন নামে পরিচিত।
যুবরাজ সুলতানকে প্রথমে রিয়াদের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর ১৯৬৩ সালে তাকে প্রতিরক্ষা ও বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। নিয়োগের পর সৌদি সশস্ত্র বাহিনী ও জাতীয় এয়ারলাইন সাউদিয়ার ব্যাপক আধুনিকীকরণ করেন।
মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার সমর্থকদের মধ্যে যুবরাজ সুলতান অন্যতম।
যুবরাজ সুলতানের ছেলে প্রিন্স বান্দার ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫৭ ঘ.
bdnews24