২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির লাশ নিয়ে দ্বিধাবিভক্ত লিবিয়া

লিবিয়ার ক্ষমতাচ্যুত শাসক মুয়াম্মার গাদ্দাফি মরেও দ্বিধায় ফেলে গেছেন দেশকে। তার লাশ কীভাবে সমাহিত করা হবে- তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে লিবিয়ার বর্তমান সরকারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার ক্ষমতাচ্যুত শাসক মুয়াম্মার গাদ্দাফি মরেও দ্বিধায় ফেলে গেছেন দেশকে। তার লাশ কীভাবে সমাহিত করা হবে- তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে লিবিয়ার বর্তমান সরকারে। কর্মকর্তাদের কেউ কেউ মনে করেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরো কয়েকদিন অপেক্ষা করা উচিৎ। আবার লিবিয়ার দীর্ঘদিনের এই শাসকের মৃতদেহ শিগগিরই গোপনে দাফন করা হতে পারে বলেও গুঞ্জন শুরু হয়েছে। তাকে মুসলিম রীতি অনুযায়ী পরিপূর্ণ মর্যাদায় ২৪ ঘণ্টার মধ্যে সমাহিত করার কথা বলছেন কেউ কেউ। কিন্তু কোথায়? প্রশ্ন সেটিই। গাদ্দাফিকে কোথায় চিরনিন্দ্রায় শায়িত করা হবে তা নিয়ে বিরোধ দেখা দিয়েছে এনটিসি'র উপর মহলে। তাকে সির্ত, মিসরাতা নাকি অন্য কোথাও সমাহিত করা হবে সে ব্যাপারে একমত হতে পারছেন না কর্মকর্তারা। বৃহস্পতিবার গাদ্দাফির জন্মশহর সির্তের পতনের পরপরই তাকে বন্দি করা এবং তার মারা যাওয়ার কথা জানায় ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি)। লিবিয়ার তেল মন্ত্রী আলী তারহুনি, রয়টার্সকে বলেছেন, গাদ্দাফির লাশ এখন মিসরাতায়। এ মুহূর্তে দাফনের জন্য সেখান থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নেই। সবার কাছে গাদ্দাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতেই তার মরদেহ আরো কয়েকদিন সেখানে রাখা প্রয়োজন বলে মনে করেন তিনি। মাথায় গুলিবিদ্ধ গাদ্দাফির লাশ হিমাগারে দেখা গেছে বলে জানিয়েছেন রয়টার্সের এক সাংবাদিক। গাদ্দাফিকে দাফনের কী ব্যবস্থা নেওয়া হয়েছে- এ প্রশ্নের জবাবে তারহুনি বলেছেন, "এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।" অবশ্য শুক্রবারই কোনো এক সময় গোপনে গাদ্দাফিকে দাফন করা হতে পারে- পাওয়া গেছে এমন আভাসও। ত্রিপোলি থেকে বিবিসির সংবাদদাতা ক্যারোলিন হাওলে জানিয়েছেন, গাদ্দাফিকে কোথায় এবং কীভাবে সমাহিত করা হবে সে সিদ্ধান্ত এখনো নিতে পারেনি দেশটির কর্মকর্তারা। তবে তারা বলছেন, গাদ্দাফিকে সমাহিত করা হবে গোপনে। ফলে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের লাশ যেভাবে সাগরে ভাসিয়ে দিয়ে 'সমাহিত' করার কথা বলা হয়েছিল- গাদ্দাফির ক্ষেত্রেও তেমন কিছু ঘটতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। লাদেনের মরদেহ সাগরে 'সমাহিত' করার পর মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, তার কবর সন্ত্রাসীদের তীর্থস্থল হয়ে উঠতে পারে- এমন আশঙ্কা থেকেই সাগরকে বেছে নিয়েছিলেন তারা। নাম প্রকাশ না করে এক লিবীয় কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স লিখেছে, গাদ্দাফির মৃতদেহের কী ব্যবস্থা হবে তা নিয়ে এনটিসি কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। গাদ্দাফি ধরা পড়ার মুহূর্তে আসলে কী ঘটেছিলো- তা নিয়েও জল্পনা বাড়ছে। লিবিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল বলছেন, সির্তে ক্রসফায়ারে পড়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন গাদ্দাফি। আবার এনটিসির যোদ্ধারা বলছেন, একটি সুড়ঙ্গে গাদ্দাফিকে খুঁজে পাওয়া যায়। তিনি গুলি না করার মিনতি জানাচ্ছিলেন। গাদ্দাফির কাছ থেকে পাওয়া একটি সোনালী পিস্তলও তারা সাংবাদিকদের দেখিয়েছেন। গাদ্দাফি নিহত হওয়ার পর তার লাশ রাস্তা দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ারও আলামত পাওয়া গেছে ভিডিও দৃশ্যে। এই পরিস্থিতিতে গাদ্দাফির মৃত্যুর ঘটনার পূর্ণ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৭ ঘ.