২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে হিলারির হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পাকিস্তানকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন লড়াইয়ে ইসলামাবাদ সহায়তা করবে নাকি বাধা দেবে সে সিদ্ধান্ত তাদেরকে এখনই নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

কাবুল, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পাকিস্তানকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন লড়াইয়ে ইসলামাবাদ সহায়তা করবে নাকি বাধা দেবে সে সিদ্ধান্ত তাদেরকে এখনই নিতে হবে। বৃহস্পতিবার পাকিস্তান সফরের আগে হিলারি এ হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমাদেরকে পাকিস্তান সরকার এবং জনগণকে পরিস্কার ও দ্ব্যর্থহীন ভাষায়ই জানাতে হচ্ছে যে, তাদেরকে সমস্যার সমাধানে সামিল হতে হবে। আর তার মানে হচ্ছে দেশকে সন্ত্রাসী মুক্ত করা। যারা তাদের নিজ দেশেরই জনগণকে হত্যা করছে এবং আফগানিস্তানে হত্যাযজ্ঞ চালাতে সীমান্ত পেরোচ্ছে।" তিনি আরো বলেন, "আমরা লড়াই করবো, আলোচনা করবো। তারা সহায়তা করবে নয়তো বাধা দেবে। কিন্তু আমরা চেষ্টা বন্ধ করবো না।" হিলারি এর আগে আফগানিস্তান সফরকালে তালেবানের সঙ্গে আলোচনার দ্বার এখনও খোলা আছে বলে জানান। একইসঙ্গে আলোচনায় না গেলে তাদের ওপর অবিরাম হামলা চলবে বলেও তালেবানদের হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবেদর উদ্দেশ্যে যাওয়ার আগে হিলারি জানান, তবে এ আলোচনার জন্য সর্বাত্মক রাজনৈতিক প্রক্রিয়া প্রয়োজন যা সা¤প্রতিক বছরগুলোতে অর্জিত সাফল্য ধরে রাখবে এবং প্রতিবেশী দেশগুলোর স্বার্থ রক্ষা করবে। এছাড়া আফগানিস্তানের ভবিষ্যতের জন্য পাকিস্তানের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি জানান। কাবুল সফরকালে মার্কিন দূতাবাসে আফগান নারী, রাজনৈতিক সংগঠন ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক বৈঠকে হিলারি বলেন, "আফগানিস্তানের বাস্তবতা দেখার জন্যই আমি এখানে এসেছি।" তিনি আরো বলেন, "আফগানিস্তানের যে পরিবর্তন আমি দেখছি তা খুবই উৎসাহব্যঞ্জক। তবে একে স্থায়ী করতে হবে। আর তা সম্ভব আপনাদের চাওয়ার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে।" বুধবার এক আকস্মিক সফরে আফগানিস্তানে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ২০১৪ সালের পর আফগানিস্তন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার 'কৌশলগত সম্পর্ক' নিয়েও আলোচনা করেন। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও অন্য রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে নভেম্বরে ইস্তাম্বুলে ও ডিসেম্বরে বন এ অনুষ্ঠেয় সম্মেলনে আফগানিস্তানের ভবিষ্যতের বিষয়টি পর্যালোচনা করার আশা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১২০ঘ.