মিসরাতা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার ক্ষমতাচ্যুত শাসক মুয়াম্মার গাদ্দাফির মৃতদেহ মিসরাতা শহরের একটি মসজিদে নেওয়া হয়েছে। আল-জাজিরা টেলিভিশন বৃহস্পতিবার এ খবর দিয়েছে।
আল-আরাবিয়া টেলিভিশনও বলেছে, গাদ্দাফির মৃতদেহ মিসরাতায়। তবে তারা জানায়, লাশ রাখা হয়েছে শহরের বাণিজ্যিক এলাকা সোক তাওয়ানসায়।
এর আগে লিবিয়ার অন্তর্বর্তী সরকারের (ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল-এনটিসি) এক কর্মকর্তা বৃহস্পতিবার নিরাপত্তার কারণে গোপন এক জায়গায় গাদ্দাফির মৃতদেহ স্থানান্তরের কথা জানান।
মিসরাতা শহরে এনটিসি কর্মকর্তা মোহাম্মেদ আব্দুল কাফি বলেন, "গাদ্দাফির লাশ আমাদের ইউনিটের একটি গাড়িতে রয়েছে এবং নিরাপত্তার কারণে আমরা তা গোপন একটি স্থানে নিয়ে যাচ্ছি।"
এর আগে গাদ্দাফিকে আহত অবস্থায় বন্দি করা এবং তার মারা যাওয়ার খবর জানায় এনটিসি।
এনটিসির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আব্দেল মজিদ রয়টার্সকে বলেন, "পায়ের পাশাপাশি তার (গাদ্দাফির) মাথায়ও আঘাত লাগে। গাদ্দাফির গ্র"পের সেনাদের ওপর ব্যাপক গুলি চালানো হয় এবং তিনি মারা যান।"
তবে মজিদের এ দাবির পক্ষে নিরপেক্ষ কোনো তথ্য জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯২০ঘ.
bdnews24