ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্ত পুরোপুরি দখল করা হয়েছে বলে জানিয়েছে অন্তবর্তী সরকার 'ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল' (এনটিসি) অনুগত সেনারা।
শহরটি নিয়ন্ত্রণে নেয়ার জন্য বেশ কয়েক সপ্তাহ ধরে লড়াই করে গাদ্দাফি বাহিনীকে কোণঠাসা করে ফেলেছিলো এনটিসি বাহিনী। তবে শহরটি পুরো দখলের পথে তাদের জন্য বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায় গাদ্দাফিপন্থি স্নাইপাররা।
কিন্তু বৃহস্পতিবার সকালে এনটিসি সেনারা প্রায় ৯০ মিনিট লড়াইয়ের পর সর্বশেষ অবস্থান থেকে গাদ্দাফিপন্থিদের হটিয়ে দেওয়ার কথা জানায়।
শহরটি পূর্বাঞ্চলে যুদ্ধাভিযানের দায়িত্বরত প্রধান কর্মকর্তা কর্নেল ইউনুস আল-আব্দালি বৃহস্পতিবার সকালে রয়টার্সকে বলেন, "সির্ত মুক্ত করা হয়েছে। গাদ্দাফি সোনারা আর নেই। আমরা এখন পলায়নপর গাদ্দাফি অনুগত যোদ্ধাদের ধাওয়া করছি।"
সম্মুখসারিতে লড়াই করা আরেকজন কমান্ডারও সির্ত পুরোপুরি দখল করে নেওয়ার খবর নিশ্চিত করেছেন।
তবে সির্তের উপকণ্ঠ থেকে বিবিসি'র সংবাদাতা সির্তের পতনের খবর নিশ্চিত করতে পারেননি। পরিস্থিতি খুবই ঘোলাটে বলে জানান তিনি। খবরটি নিশ্চিত হলে তা হবে গাদ্দাফি বিরোধীদের জন্য বড় ধরনের বিজয়।
এনটিসি যোদ্ধারা জানিয়েছে, গাদ্দাফি অনুগত যোদ্ধাদের নিয়ে ৪০ টি গাড়ি শহরটি থেকে বেরিয়ে পশ্চিম দিকে গেছে।
আরেক এনটিসি যোদ্ধা আব্দুল সালাম মোহাম্মদ জানান, গাদ্দাফির লোকজন পশ্চিমে পালালেও তাদেরকে ঘিরে ফেলা হয়েছে এবং তাদের সঙ্গে দেনদরবার চলছে।
অন্তত ১৬ জন গাদ্দাফিপন্থি যোদ্ধাকে আটক করা হয়েছে বলে এপি'র উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।
ওদিকে, বনি ওয়ালিদ শহরে এখনো গাদ্দাফি অনুগত গুটিকয়েক যোদ্ধার প্রতিরোধ লড়াই মোকাবেলা করতে হচ্ছে সরকারি বাহিনীকে। তবে ইতোমধ্যেই শহরটির ৯০ শতাংশ এলাকা দখল করেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০১ঘ.
bdnews24