তুর্কি, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে কুর্দি বিদ্রোহীদের ওপর বুধবার বিমান ও স্থল হামলা শুরু করেছে তুরস্ক। ইরাকের ৮ কিলোমিটার ভেতরে তুরস্কের কমান্ডো অভিযান চলছে।
ইরাক সীমান্তবর্তী হাক্কারি প্রদেশের একটি সামরিক স্থাপনায় কুর্দি বিদ্রোহীদের হামলায় ২৪ তুর্কি সেনা নিহত হওয়ার পর তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)'র বিদ্রোহী গেরিলাদের ওপর এ প্রতিশোধ হামলা শুরু করেছে।
কয়েকদশকের মধ্যে তুর্কি সেনাদের ওপর কুর্দিদের বিদ্রোহীদের এটিই সবচেয়ে বড় হামলা।
তুরস্কের কর্মকর্তারা বলছেন, পিকেকে'র ১শ যোদ্ধা হাক্কারি প্রদেশের ৭ টি প্রত্যন্ত সেনা ছাউনিতে রাতের অন্ধকারে ঘন ঘন হামলা চালাচ্ছে।
হাক্কারি প্রদেশের চুকুরচা ও ইউকেশকোভা জেলায় গত রাতে অন্তত দুটি চোরাগুপ্তা হামলা হয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় অন্তত ২৪ সেনা নিহত ও ১৬ জন আহত হয়েছে।
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের ঘাঁটি থেকে কুর্দিদের আরো বৃহত্তর অধিকারের দাবিতে লড়াই চালিয়ে আসা পিকেকে তুর্কি সেনাদের ওপর হামলা এবং ৫ পিকেকে গেরিলা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
পিকেকে'র মুখপাত্র দোস্তদার হামোর বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় বিকেল তিনটা থেকে দুটি স্থানে সংঘর্ষ হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল কুর্দি বিদ্রোহীদের এর জবাব দেয়ার সংকল্প নিয়ে বলেছেন, "তারা আমাদের যে আঘাত দিয়েছে তার প্রতিদান পাওয়ার কথা কেউ যেনো ভুলে না যায়। আমাদের ওপর হামলার মাশুল কত বড় তা তারা দেখতে পাবে।"
এ প্রতিশোধ নিতেই জঙ্গি বিমান নিয়ে ইরাকে কুর্দি বিদ্রোহীদের পিছু ধাওয়া করছে তুরস্কের সেনারা। লড়াইয়ে ১৫ পিকেকে গেরিলা নিহত হয়েছে বলেও দাবি করেছে তারা।
ইরাকের ৮ কিলোমিটার (৫ মাইল) ভেতরে কমান্ডো অভিযান ছাড়াও জাব রিভার গেলিরা ক্যাম্পে বিমান হামলা চলছে বলে জানিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। ইরাকের মাটিতে স্থল অভিযান চালাচ্ছে প্রায় ৫শ সেনা। দুটি জায়গায় লড়াই চলছে বলে জানিয়েছেন পিকেকে'র মুখপাত্র হামো।
তুরস্কের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বিদেশ সফর বাতিল করেছেন। সীমান্ত এলাকায় গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী। ওদিকে, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো এ ঘটনায় তুরস্ক সরকারকে সমর্থন করে বিবৃতি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৫৫ঘ.
bdnews24