লিবিয়া, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার অন্তর্র্বতী সরকারের অনুগত বাহিনী ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির সর্বশেষ আরেক ঘাঁটি বনি ওয়ালিদে ঢুকে পড়েছে। সোমবার সেখানে দেশের নতুন পতাকা ওড়ানো হয়েছে বলেও জানিয়েছে তারা।
তবে শহরটি পুরোপুরি এনটিসি'র দখলে এসেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। বনি ওয়ালিদের লড়াইয়ে অংশ নেওয়া যোদ্ধারা শহরটিতে ঢুকে পড়ার কথা জানিয়েছে।
ওদিকে, ত্রিপোলি রেভল্যুশনিস্ট কাউন্সিলের প্রধান কর্নেল আবদুল্লাহ নাকের রোববার রয়টার্সকে বলেছেন, তারা শহরের (বনি ওয়ালিদ) কেন্দ্রস্থলে পৌঁছে গেছেন এবং পতাকা উড়িয়েছেন।
তবে বিবিসি'র খবরে বলা হয়েছে, ত্রিপোলির ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের এ শহরে গাদ্দাফি অনুগতদের প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়েছে ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি) অনুগত বাহিনীর সামরিক কমান্ডাররা।
এ প্রতিরোধ ঠেলে শহরটিতে নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে যোদ্ধারা। কিন্তু প্রতিপক্ষের প্রবল প্রতিরোধের মুখে তারা কতটা অগ্রসর হতে পারবে তা এখনো স্পষ্ট নয়, বলছেন কমান্ডাররা।
এএফপি বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি জানায়, এনটিসি যোদ্ধারা রোববার গাদ্দাফি অনুগতদের অবস্থানগুলোতে গোলা হামলা চালিয়ে উত্তর ও দক্ষিণ দিক থেকে বনি ওয়ালিদে ঢুকে পড়ে।
এনটিসি কমান্ডার জামাল সালেম বলেন, সকালে আমরা দক্ষিণ-পশ্চিম দিক থেকে হামলা চালিয়েছি। আর বিকালের দিকে আমাদের যোদ্ধারা শহরের ভেতরে প্রবেশ করেছে। তবে তারা গাদ্দাফি অনুগতদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হচ্ছে।
কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে এনটিসি বাহিনী শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে। কিন্তু এ খবর যাচাই করা যায়নি।
কয়েক সপ্তাহ শহরটি অবরুদ্ধ করে রাখার পর শেষ পর্যন্ত সেখানে প্রবেশ করতে সক্ষম হলো এনটিসি বাহিনী। এনটিসি যোদ্ধারা এখন সেখানে লড়াই চালিয়ে যাওয়ার পাশপাশি গাদ্দাফি অনুগতদের আত্মসমর্পণের বিষয়টি নিয়ে আদিবাসী নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
বনি ওয়ালিদ এবং সির্তই এখন গাদ্দাফি বাহিনীর হাতে থাকা সর্বশেষ শহর।
গাদ্দাফির জন্মশহর সির্তে এখনো চলছে তুমুল লড়াই। সির্তে এনটিসি কমান্ডাররা তাদের বাহিনী নতুন করে সুসংগঠিত করছে। সির্তের লড়াইয়ে গাদ্দাফি বাহিনীর স্নাইপারদের কাছ থেকেই সবচেয়ে বেশি প্রতিরোধের সম্মুখীন হচ্ছে এনটিসি বাহিনী।
তবে সেখানে বাড়িঘর, দোকান-পাট ও সরকারি ভবনগুলোতে ব্যাপক লুটপাট চলছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এনটিসি বাহিনীর যোদ্ধারা গাদ্দাফির প্রতি শহরের অধিবাসীদের সমর্থনের প্রতিশোধ নিতে এ লুটপাট চালাচ্ছে বলে জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩২ঘ.
bdnews24