২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে যক্ষ্মায় মৃত্যুহার কমেছে

সারা বিশ্বে যক্ষ্মায় আক্রান্ত হওয়ার সংখ্যা ও এ রোগে মৃত্যুহার কমেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 05:57 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা বিশ্বে যক্ষ্মায় আক্রান্ত হওয়ার সংখ্যা ও এ রোগে মৃত্যুহার কমেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে। এ রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা এবারই প্রথমবারের মতো কমেছে বলে বিবিসি জানিয়েছে। ডব্লিউএইটও-এর মতে, গত এক দশকে এবারই মৃত্যুহার সবচেয়ে বেশি কমেছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে চীন, ব্রাজিল, কেনিয়া ও তানজানিয়াতে। সংস্থাটি জানায়, বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ আক্রান্ত- এমন রোগের ক্ষেত্রে অগ্রগতির এ সংখ্যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে। ২০০৩ সালে যক্ষ্মায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮ লাখে দাঁড়ায়। পরে ২০১০ সালে তা কমে ১৪ লাখে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগতি ঘটেছে চীনে। দেশটিতে ১৯৯০-২০১০ পর্যন্ত সময়ে মৃত্যুহার প্রায় ৮০ শতাংশ কমেছে। এছাড়া গত এক দশকে কেনিয়া ও তানজানিয়াতেও মৃত্যুহার কমেছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে বলেন, "এটি বড় ধরনের একটি সাফল্য। তবে সন্তুষ্ট হওয়ার মতো কিছু ঘটে নি। "এখনও প্রতি বছর কয়েক লাখ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যায়। বিশ্বের দরিদ্র ও সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসায় টেকসই সহায়তা প্রদানে আহ্বান জানাচ্ছি আমি।" ডব্লিউএইচও জানায়, এ অগ্রগতির ক্ষেত্রে অর্থ মূল ভূমিকা পালন করেছে। তবে তহবিলের অভাবে এ অগ্রগতি হুমকিতে পড়তে পারে বলেও সতর্ক করে দিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৩৪ ঘ.