শিকাগো, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ ইয়র্কে অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলনের জোয়ারে উদ্বুদ্ধ জনতা শনিবার শিকাগোয় তাঁবু খাটিয়ে বিক্ষোভে জাঁকিয়ে বসায় রাতভর ১৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার পুলিশ জানায়, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব শিকাগো থেকে গ্র্যান্ট পার্ক পর্যন্ত পদযাত্রায় যোগ দিয়েছে ২ হাজারেরও বেশি মানুষ। গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওয়ালস্ট্রিট বিরোধীদের বিশ্বজুড়ে আন্দোলনের ডাকে শনিবার যুক্তরাষ্ট্র, কানাডা এমনকি এশিয়া, ইউরোপজুড়ে বিক্ষোভ হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, বোস্টন, শিকাগো, লস এঞ্জেলেস, মিয়ামিসহ আরো বহু জায়গায় ছড়িয়ে পড়ে আন্দোলনের ঢেউ। সব মিলিয়ে ৮২টি দেশের ৯৫১টি শহরে বিক্ষোভ হয়েছে শনিবার।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিশ্বের বেশিরভাগ সম্পদ ভোগ করছে অল্প কিছু মানুষ, যুক্তরাষ্ট্রে যাদের হার ১ শতাংশেরও কম। রাজনীতিক আর ব্যাংকারদের 'করপোরেট' লোভের কারণে বাকি ৯৯ শতাংশ মানুষ বৈষম্য আর দারিদ্রের শিকার হচ্ছে।
এ আন্দোলনের প্রাণকেন্দ্র নিউইয়র্কে প্রায় ৫ হাজার মানুষ টাইম স্কোয়ারে জড়ো হয়ে জানিয়েছে তাদের অভিযোগ আর দাবির কথা। এ সময় অন্তত ৭০জনকে গ্রেপ্তার করে পুলিশ।
রোমে বিক্ষোভের শুরুটা শান্তিপূর্ণ হলেও পরে তা সহিংস রূপ পায়। মুখোশধারী কিছু বিক্ষোভকারী গাড়িতে পোড়ানো এবং ব্যাংকসহ বিভিন্ন স্থাপনায় হামলা করলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। বিক্ষোভ দমাতে কাঁদানে গ্যাস আর জলকামানও ব্যবহার করতে হয় পুলিশকে। সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক।
'ওয়াল স্ট্রিটবিরোধী' আন্দোলনে সংহতি জানিয়ে পর্তুগালের লিসবনে ২০ হাজারেও বেশি মানুষ রাস্তায় নামে। তারা শ্লোগান দেয়- 'ঋণের দায় আমাদের নয়, আইএমএফ বেরিয়ে যাও'। এক পর্যায়ে একদল যুবক পার্লামেন্ট ভবন ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিক্ষোভ চলে মাদ্রিদ, টরন্টো, সিউল, তাইপে, সিডনিতেও। বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে 'মুনাফালোভী' আখ্যায়িত করে সরকারি ব্যয় সংকোচনের প্রতিবাদ জানায় তারা। তাদের দাবি, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত 'কর্তৃত্ব' খর্ব করে অর্থনৈতিক সংস্কার করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩১ঘ.
bdnews24