২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলিতে বিদ্রোহের আশঙ্কায় নিরাপত্তা জোরদার

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফি অনুগতরা মাথা চাড়া দিয়ে উঠেছে। ফলে গাদ্দাফি সমর্থকদের আরেকটি বিদ্রোহের আশঙ্কায় সেখানে নিরাপত্তা জোরদার করছে অন্তর্বর্তী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ত্রিপোলি, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক/রয়টার্স)- লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফি অনুগতরা মাথা চাড়া দিয়ে উঠেছে। ফলে গাদ্দাফি সমর্থকদের আরেকটি বিদ্রোহের আশঙ্কায় সেখানে নিরাপত্তা জোরদার করছে অন্তর্বর্তী সরকার। বন্ধ করে দেওয়া হচ্ছে রাস্তা। বাড়িতে বাড়িতে চালানো হচ্ছে তল্লাশি। ত্রিপোলির আবু সালিম এলাকায় শুক্রবার ক্ষমতাশীল ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি)'র সেনা ও মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর মধ্যে তুমুল লড়াইয়ের পর নিরাপত্তা জোরদারের এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অগাস্টে এনটিসি বাহিনীর হাতে ত্রিপোলির পতনের পর সেখানে গাদ্দাফিপন্থিদের সশস্ত্র প্রতিরোধের এটিই প্রথম লক্ষণ। আর তাই ত্রিপোলিতে আবার গাদ্দাফি সমর্থকদের আরেকটি বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার শহরজুড়ে রাস্তা অবরোধ করেছে। বিশেষ করে আবু সেলিমের আশেপাশে। যেখান থেকে গাদ্দাফিপন্থিরা তাদের অবস্থান জানান দিয়েছে। এলাকার ভেতরে মোতায়েন করা হয়েছে ভারী অস্ত্রসজ্জিত পিক আপ ট্রাক। বিভিন্ন ভবন লক্ষ্য কওে ছোড়া হচ্ছে গুলি। এনটিসি বাহিনীর পদাতিক সেনারা বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। তবে শনিবার সেখানে আর কোনো লড়াই হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৮০৭ঘ.