ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রোমে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বিক্ষোভকারীরা বলছে, ৮২টি দেশের ৯৫১টি শহরে শনিবার বিক্ষোভ হওয়ার কথা।
বিবিসি বলছে, সবচেয়ে বড় বিক্ষোভ-মিছিল হয় রোমে। লাখো মানুষ সেখানে বিক্ষোভে অংশ নেয়। মুখোশধারী কিছু বিক্ষোভকারী গাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাংক ভবনসহ বিভিন্ন স্থাপনায় হামলা করলে তাদের ওপর চড়াও হয় দাঙ্গা পুলিশ।
বিক্ষোভ দমাতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, জলকামান ব্যবহার ও লাঠি পেটা করে পুলিশ। এ সময় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।
বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে 'মুনাফালোভী' আখ্যায়িত করে সরকারি ব্যয় সংকোচনের প্রতিবাদ করছে তারা। এ প্রতিবাদের সূচনা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 'অকুপাই ওয়াল স্ট্রিট' আন্দোলনের মাধ্যমে। ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত 'কর্তৃত্ব' খর্ব করে অর্থনৈতিক সংস্কার চাইছে তারা।
নিউ ইয়র্কের 'অকুপাই ওয়াল স্ট্রিট' আন্দোলন ও স্পেনের 'ক্ষোভের ' পর একই রকমের বিক্ষোভে জড়ো হয় এশিয়া থেকে ইউরোপের বিভিন্ন শহরের লাখ লাখ মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০১৯ ঘ.
bdnews24