হাভানা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবার ভিন্নমতাবলম্বী প্রতিবাদী গোষ্ঠী লেডিস ইন হোয়াইটের অন্যতম প্রতিষ্ঠাতা লরা পোলান (৬৩) আর নেই।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাভানার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসাধীন অবস্থায় তার শ্বাস-প্রশ্বাসে তীব্র সমস্যা দেখা দেয়। তিনি প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
লরার শ্বাসনালীর অস্ত্রোপচারও করা হয়েছিলো বলে তার মেয়ে লরা লাবরাডা জানান।
১০ বছর আগে স্বামী হেক্টর মাসেডা কারাবন্দি হওয়ার পর লরা সংগঠনটি প্রতিষ্ঠা করেন। কারাবন্দি ভিন্ন মতাবলম্বীদের স্ত্রী ও অন্যান্য নারী আত্মীয়দের নিয়ে গঠিত সংগঠনটি কিউবার সব রাজবন্দিদের মুক্তির আন্দোলন অব্যাহত রাখে। এমনকি আটক ৭৫ রাজবন্দির মুক্তির পরও তারা আন্দোলন চালিয়ে যায়।
২০০৫ সালে ইউরোপীয় পার্লামেন্টের সাখারোভ পুরস্কার অর্জন করে লেডিস ইন হোয়াইট সংগঠনটি। আর এ বছরের শুরুতে তাদের যুক্তরাষ্ট্র সরকারের হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড দেওয়া হয়।
ওয়াশিংটনের মতে, সরকারের দমনের মুখে মানবাধিকার রক্ষায় ব্যতিক্রমী সাহস দেখানোয় এ পুরস্কার দেওয়া হয় তাদেরকে।
লেডিস ইন হোয়াইটকে প্রায়ই সরকারসমর্থক সংগঠনের হয়রানির শিকার হতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৫১ ঘ.
bdnews24