২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিশ্বজুড়ে' আন্দোলনের ডাক ওয়াল স্ট্রিট বিরোধীদের

বিশ্বজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে ওয়াল স্ট্রিট বিরোধীরা। ওয়েবে 'অক্টোবর বিপ্লবের জন্য প্রস্তুত হও' লিখে শনিবার লন্ডন, ফ্র্যাঙ্কফুর্ট হয়ে নিউজিল্যান্ড থেকে আলাস্কা, ওয়াশিংটনে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছে তারা। আর নিউ ইয়র্ক তো রয়েছেই। যেখান থেকে আন্দোলন গতি পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

লন্ডন, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে ওয়াল স্ট্রিট বিরোধীরা। ওয়েবে 'অক্টোবর বিপ্লবের জন্য প্রস্তুত হও' লিখে শনিবার লন্ডন, ফ্র্যাঙ্কফুর্ট হয়ে নিউজিল্যান্ড থেকে আলাস্কা, ওয়াশিংটনে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছে তারা। আর নিউ ইয়র্ক তো রয়েছেই। যেখান থেকে আন্দোলন গতি পেয়েছে। এ বিপ্লবকে বলা হচ্ছে 'গ্লোবাল স্যাটারডে'। ব্লগ, ফেসবুক ও টুইটারে এ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ওয়াল স্ট্রিট বিরোধীরা বলছে, "আমরাই ৯৯ শতাংশ। বাকী ১ শতাংশ 'লোভী ও দুর্নীতিবাজ' ধনী এবং বিশেষকরে ব্যাংকগুলো।" 'ইউনাইটেড ফর গে¬াবাল চেঞ্জ' শীর্ষক ওয়েবসাইটে বলা হয়েছে "এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। আর তাদের শোনার সময়; বিশ্বের মানুষ জাগো!" তারা আরো বলেছে, "রাজনীতিক এবং ব্যাংকার যারা আমাদের প্রতিনিধিত্ব করে না আমরা তাদের হাতের পণ্য নই। লক্ষ্যে না পৌঁছাপর্যন্ত আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করব, আলোচনা চালিয়ে যাবো, লোকজনকে সংগঠিত করবো।" ওয়ালস্ট্রিট বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের বিদ্যমান অর্থনৈতিক পদ্ধতিতে ধনীরা আরো সম্পদের মালিক হচ্ছে, আর সেখানে সাধারণ মার্কিন নাগরিকেরা ভোগান্তির শিকার হচ্ছে, বেকারত্বের হার দিন দিন বাড়ছে। কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না। এ ক্ষেত্রে ওয়াশিংটন তেমন কোনো সহায়তা দিতে পারছে না। এসবের পরিবর্তনের দাবিতে ওয়াল স্ট্রিট আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা। তারা দেশের অধিকাংশ মানুষের স্বার্থ রক্ষার প্রয়োজনে ধনীদের ওপর আরো কর আরোপের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র ওয়ালস্ট্রিটের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শুধু ধনীদের স্বার্থ রক্ষা করছে, যাদের পরিমাণ দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ। শিক্ষার্থী ও সদ্য শিক্ষাজীবন শেষ করেছে, এমন বেকার যুবকেরা ১৭ সেপ্টেম্বর 'অকুপাই ওয়াল স্ট্রিট' নামে এ আন্দোলনের সূচনা করে। তখন থেকেই লোয়ার ম্যানহাটনের জুকোট্টি পার্কে তাঁবু টাঙিয়ে অবস্থান করছে তারা। বিভিন্ন পর্যবেক্ষণ থেকে ধারণা করা হচ্ছে, আমেরিকার শীর্ষ ১০ ধনীব্যক্তির অন্যতম জর্জ সরোস এই বিক্ষোভে রসদ যোগাচ্ছেন। তবে এ বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করলেও আন্দোলনকারীদের প্রতি তার কণ্ঠে সহানুভূতিই ঝরে পড়েছে। টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে এখন অন্য শহরগুলোতেও সংগঠিত হচ্ছে ওয়ালস্ট্রিট বিরোধীরা। গত সপ্তাহের শুরুর দিকে বেশ কয়েকটি পেশাজীবী ইউনিয়নও এ আন্দোলনে সমর্থন জানায়। এমন কি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৬ঘ.