২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে: ওবামা

ইরানকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 06:58 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ওয়াশিংটন, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে ইরানের বিরুদ্ধে বৃহস্পতিবার ওবামা এ হুঁশিয়ারি জানালেন। এ লক্ষ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টির দিকে দৃষ্টি দিচ্ছেন মার্কিন অর্থ কর্মকর্তারা। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে ওবামা বলেন, ইরানের ব্যাপারে কোনো পদক্ষেপকেই সরিয়ে রাখছে না যুক্তরাষ্ট্র। সচরাচর মার্কিন কর্তৃপক্ষ এ ধরনের শব্দবন্ধ ব্যবহারের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা থেকে শুরু করে সেনা অভিযান পর্যন্ত সবগুলো পদক্ষেপকেই বুঝিয়ে থাকে। ওবামা বলেন, "এটি ইরান সরকারের ভয়ঙ্কর ও বেপরোয়া আচরণেরই বহিঃপ্রকাশ"। ওই ঘটনা সম্পর্কে এটিই মার্কিন প্রেসিডেন্টের প্রথম মন্তব্য। মার্কিন ট্রেজারির আন্ডার সেক্রেটারি ডেভিড কোয়েন সিনেট কমিটিতে বলেন, "কীভাবে চাপ বাড়ানো যায় সে বিষয়টি আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।" সৌদি আরব বৃহস্পতিবার এ ঘটনায় 'সমুচিত জবাব' দেওয়ার ঘোষণা দিলে ওপেকভুক্ত দুই শীর্ষ তেল উৎপাদক রাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়। অস্ট্রিয়া সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল বলেন, সমস্ত তথ্য-প্রমাণ সাপেক্ষে এটা নিশ্চিত যে, ইরান সৌদি রাষ্ট্রদূতকে 'হত্যাপ্রচেষ্টা' পরিকল্পনার জন্য দায়ী। তিনি আরো অভিযোগ করেন, ইরান এর আগেও আরববিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে। তবে ইরান একে তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে বিবাদ তৈরির লক্ষ্যে একটি সুপরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছে। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ইরনা জানায়, "এটি পশ্চিমা নীতি নির্ধারকদের অব্যাহত নিবুদ্ধিতা ও নিষ্ফল কৌশলেরই অংশ। কিন্তু ইরানের বিরুদ্ধে এ ধরনের প্রচারণা কোনো ফল বয়ে আনবে না। তারা আবারও ব্যর্থ হবে।" ইরান ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেছিল বলে মঙ্গলবার অভিযোগ করে যুক্তরাষ্ট্র। ইরান তার এজেন্টদের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে সৌদি দূত আব্দেল আল জুবেইরকে হত্যা করতে চেয়েছিল বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেন। যুক্তরাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এরিক হোল্ডার বলেন, "সৌদি দূতকে হত্যার ওই যড়ষন্ত্র ইরানে পরিকল্পিত, ইরান আয়োজিত ও ইরান পরিচালিত।" সৌদি দূতকে হত্যার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বৈত নাগরিক মানসুর আরবাবসিয়ার (৫৬) কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে আটক করা হয়। হত্যা পরিকল্পনায় যুক্ত অপর ব্যক্তির নাম গোলাম শাকুরি। তিনি ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর আল কুদস ব্রিগেডের সদস্য এবং বর্তমানে ইরানেই আছেন বলে জানান হোল্ডার। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারাষ্ট্রগুলো পরমাণু কর্মকসূচির আড়ালে বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে। ইরানের দাবি, শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যেই তাদের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে। বিষয়টি নিয়ে পারস্পরিক অবিশ্বাসের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈরিতাও প্রকাশ্য। সর্বসা¤প্রতিক সৌদি রাষ্ট্রদূত হত্যাপ্রচেষ্টার অভিযোগ ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরো তিক্ত করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪৪ ঘ.