২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক নেতাদের নিয়ে কাজে আগ্রহী হাইতির প্রেসিডেন্ট

অতীতের তিক্ততা ভুলে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে মৈত্রী স্থাপন করতে চাচ্ছেন হাইতির প্রেসিডেন্ট মাইকেল মার্টেলি। এ লক্ষ্যে বুধবার সাবেক দুই প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

পোর্ট-অ-প্রিন্স, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অতীতের তিক্ততা ভুলে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে মৈত্রী স্থাপন করতে চাচ্ছেন হাইতির প্রেসিডেন্ট মাইকেল মার্টেলি। এ লক্ষ্যে বুধবার সাবেক দুই প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। চলতি বছরের মার্চে হাইতির প্রেসিডেন্ট নির্বাচিত হন মার্টেলি। প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচন দ্বিতীয় দফা ভোটগ্রহণ পর্যন্ত গড়ায়। রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সাবেক দুই প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন মার্টেলি। সাবেক প্রেসিডেন্ট জন বার্ট্রান্ড অ্যারিস্টিড ও সাবেক স্বৈরশাসক জন ক্লদে দুভাইলিয়ার ওরফে বেবি ডকের সঙ্গে তাদের বাসভবনে এ বৈঠক হয়। প্রেসিডেন্ট মার্টেলি জানান, হাইতির রাজনৈতিক বিভক্তি কাটিয়ে ঐক্য গড়ে তোলার প্রত্যাশায় তিনি সাবেক প্রেসিডেন্টদের নিয়ে একটি পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছেন। ঐক্য গড়ে তোলা ছাড়াও এ পরিষদ ২০১০ সালের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার সংগ্রামেও সহায়তা করবে বলে তার প্রত্যাশা। মার্টেলি সাবেক প্রেসিডেন্ট অ্যারিস্টিডকে বলেন, "প্রেসিডেন্ট হিসেবে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।" ২০০৪ সালে সশস্ত্র অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নির্বাসনে চলে যান অ্যারিস্টিড। চলতি বছরের মার্চে তিনি আবার হাইতি ফিরে আসেন। তবে ফিরে আসার পর থেকে তিনি জনসম্মুখে আসা ও স্থানীয় রাজনীতি সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত রয়েছেন। সাবেক পপ গায়ক মার্টেলিকে তিনি বলেন, "আমি সক্রিয় রাজনীতি থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি। তবে সহায়তা করতে প্রস্তুত আছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২১ ঘ.