ওয়াশিংটন, ১২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে হত্যা করার ইরানি চক্রান্তের পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের ভ্রমণ জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, তারা ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে জড়িত দুই ব্যক্তির সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করেছে। এদের একজন গত মাসে গ্রেপ্তার হয়েছে এবং অন্যজন ইরানে আছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন বিরোধী হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা জারি করলো।
ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, "সরকারের ধারণা, সৌদি রাষ্ট্রদূতকে হত্যা করার ইরানি চক্রান্ত সরকারের একটি আক্রমাণত্মক চিন্তার বহিঃপ্রকাশ। তারা হয়ত নির্দিষ্ট কিছু দেশের কূটনীতিকদের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে, এমনকি যুক্তরাষ্ট্রেও হামলার আশঙ্কা রয়েছে।"
২০১২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত এ ভ্রমণ সতর্কতা বহাল থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
চক্রান্তের কারণে ইরানকে কঠোর বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইরানের ওপর ইতোমধ্যেই নিষেধাজ্ঞা রয়েছে।
আর এখন ওয়াশিংটন দেশটির ওপর নতুন করে আরো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
হত্যা পরিকল্পনায় জড়িত থাকার দায়ে দুজন ইরানিকে অভিযুক্ত করা হয়েছে। এ পরিকল্পনায় ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী জড়িত বলে অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা।
তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে এর নিন্দা জানিয়েছে।
ওদিকে, সৌদি আরব বুধবার ইরানকে শাসিয়ে বলেছে, এ ঘটনার জন্য তাদেরকে মাশুল দিতে হবে।
সৌদি রাষ্ট্রদূতকে হত্যার চক্রান্তের জন্য যে ইরান দায়ী তথ্যপ্রমাণ থেকেই তা স্পষ্ট এবং ইরানের কাউকে না কাউকে এর মাশুল দিতেই হবে বলে মন্তব্য করেছেন সৌদি প্রিন্স তুর্কি আল ফয়সাল।
শাস্তি হিসাবে ইরানের ওপর নতুন করে আরেক দফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চলবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫০ঘ.
bdnews24