ওয়াশিংটন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে ওই পরিকল্পনা সফলভাবে নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ইরান তার এজেন্টদের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে সৌদি দূতকে হত্যা করতে চেয়েছিল বলে যুক্তরাষ্ট্র জানায়।
মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বৈরী সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী এ ঘটনা সত্য হলে তা বিবদমান ওই দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরো তিক্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এরিক হোল্ডার বলেন, "সৌদি দূতকে হত্যার ওই যড়ষন্ত্র ইরানে পরিকল্পিত, ইরান আয়োজিত ও ইরান পরিচালিত।"
ওই সৌদি রাষ্ট্রদূতের নাম আব্দেল আল জুবেইর। তাকে হত্যার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বৈত নাগরিক মানসুর আরবাবসিয়ার (৫৬) কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে আটক করা হয়।
হত্যা পরিকল্পনায় যুক্ত অপর ব্যক্তির নাম গোলাম শাকুরি। তিনি ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর আল কুদস ব্রিগেডের সদস্য এবং বর্তমানে ইরানেই আছেন বলে জানান হোল্ডার।
তবে গ্রেপ্তার হওয়া আরবাবসিয়ার তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন, জানান হোল্ডার।
এই পুরো পরিকল্পনাটি ইরানের আল কুদস ব্রিগেডের তৈরি বলে অভিযোগ করেছেন হোল্ডার। তিনি এ ঘটনাকে "আন্তর্জাতিক আইন ও যুক্তরাষ্ট্রের আইনের মারত্মক লঙ্ঘণ", বলে মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ ঘটনার জবাবে ইরানকে "অত্যন্ত কঠোর বার্তা" পাঠানোর উদ্দেশে যুক্তরাষ্ট্র তার আন্তর্জাতিক মিত্রদের সাথে মতবিনিময় করছে।
ইরান সরকারের মুখপত্র ইসলামি প্রজাতন্ত্রের সংবাদ সংস্থা অভিযোগটিকে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের "প্রপাগান্ডামূলক প্রচারণা" বলে অভিহিত করেছে।
ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত বলেছেন, অভিযোগটি "যুক্তরাষ্ট্রের বানানো একটি কৌতূকানুষ্ঠান"।
যুক্তরাষ্ট্রের সৌদি দূতাবাস এক বিবৃতিতে এ ঘটনাকে "আন্তর্জাতিক শিষ্টাচারের লঙ্ঘণ" ও "মানবাধিকারের পরিপন্থী" বলে মন্তব্য করেছে।
যুক্তারষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ১৯৮৪ সাল থেকে ইরানকে "সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র" হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে।
আরবাবসিয়ারকে মঙ্গলবার নিউ ইয়র্কের একটি আদালতে স্বল্প সময়ের জন্য নিয়ে যাওয়া হয়। তবে তিনি জামিনের কোন আবেদন জানান নি। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাবাস হতে পারে বলে জানিয়েছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৫ ঘ.
bdnews24