ইসলামাবাদ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের তালেবান মুভমেন্ট সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরুর কথা ভেবে দেখার আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানের স্থানীয় পত্রিকা দ্য এক্সপ্রেস ট্রিবিউন সোমবার এ খবর দিয়েছে।
পাকিস্তানি তালেবানের উপনেতা মৌলভি ওয়ালিউর রেহমান মেহসুদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি বলেছে, "আমাদের মজলিশে শুরা ঠিক করবে কখন এবং কোথায় আমরা সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে শান্তি আলোচনা শুরু করবো।"
"তবে শান্তি আলোচনায় তৃতীয় পক্ষ হিসেবে আমরা এমন কোন রাষ্ট্রকে রাখার পক্ষপাতি যাকে আমরা বিশ্বাস করি। আর তারা হচ্ছে আরব বিশ্ব।"
গত মাসে পাকিস্তানের উর্ধ্বতন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বদলীয় এক বৈঠকে পর পাকিস্তানের নেতারা জানান, বিদ্রোহী তৎপরতার অবসান ঘটাতে তারা জঙ্গিদের সঙ্গে বিরোধ মীমাংসার চেষ্টা করবেন।
প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ওই সময় জানিয়েছিলেন, সরকার শান্তি আলোচনার জন্য প্রস্তুত।
তবে তালেবানরা এখনো সরাসরি কোন আলোচনা প্রস্তাব পায়নি বলে জানান মেহসুদ। প্রস্তাব পেলে তালেবান মজলিশে শুরা বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা তালেবান মুভমেন্ট অব পাকিস্তান (টিটিপি) ২০০৭ এর ডিসেম্বরে গঠিত হয়। আল কায়েদার ঘনিষ্ঠ এই জঙ্গি গোষ্ঠিটি পাকিস্তান রাষ্ট্রে হামলা চালানোর লক্ষ্যে অন্যান্য জঙ্গি গোষ্ঠিগুলোর সঙ্গে হাত মেলায়।
পাকিস্তানে চালানো বহু আত্মঘাতী হামলার জন্য টিটিপিকে দায়ী। ওইসব হামলায় বহু লোক হতাহত হয়েছে।
যুক্তরাষ্ট্র গত বছর টিটিপিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে এর দুজন শীর্ষ নেতাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩০ঘ.
bdnews24