গোরখপুর, ভারত, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মশা বাহিত জাপানী এনসেফালাইটিসে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ৩৭৬ জন শিশুর মৃত্যু হয়েছে। প্রাণঘাতী রোগটি রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী রাজ্য চন্ডিগড়েও ছড়িয়ে পড়ছে।
উত্তর প্রদেশের গোরখপুরেই রোগটির প্রকোপ সবচেয়ে বেশি বলে জানিয়েছে এনডিটিভি।
৩৭৬ জন শিশুর মৃত্যু ছাড়াও আরো ৪ হাজার ৪শ ৮০ জন এ রোগে আক্রান্ত হয়েছে। এ সংখ্যা গত বছরে আক্রান্তের সংখ্যার দ্বিগুণ।
চলতি বছর এ রোগের প্রকোপ বাড়তে থাকলেও কেন্দ্র্রিয় সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।
অগাস্টের শেষে রোগের ভ্যাকসিন আক্রান্ত এলাকগুলোতে পাঠানো হয়। তবে ওই সময়ের মধ্যেই রোগের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জুন-জুলাইয়ে বর্ষার সময় শত শত লোক এ রোগে আক্রান্ত হয়।
উত্তর প্রদেশের বিআরডি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কে পি কুশওয়াহা বলেন, "প্রচুর রোগী আসছে। এদের সবাইকে চিকিৎসা দেওয়ার জন্য আমাদের আরও তহবিল দরকার। কেন্দ্রিয় সরকারের উচিত আরো তহবিলের ব্যবস্থা করা।"
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামেও জাপানী এনসেফালাইটিস ছড়িয়ে পড়েছে। আসামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯০ জন। মারা গেছে ১১৪ জন। এদের মধ্যে ৪২ জন শিবসাগর এলাকার বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০০ঘ.
bdnews24