২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিভ জবসকে ভারত যা শিখিয়েছিল

ভারতে সংক্ষিপ্ত সফরে ক্ষুধা, দারিদ্র্য আর রুদ্র প্রকৃতির সঙ্গে পরিচয় ঘটে স্টিভ জবসের। বুদ্ধের আদর্শ বুকে নিয়ে লুঙ্গি পরে যে জবস এরপর যুক্তরাষ্ট্রে ফেরেন, তার হাত দিয়েই প্রতিষ্ঠা পায় অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিপ্পি প্রজন্মের অন্য অনেক মার্কিন তরুণের মতোই ঊনিশ শ' সত্তরের দশকে অমীমাংসিত দার্শনিক প্রশ্নের উত্তর খুঁজতে 'শান্তির রাজ্য' ভারতে এসেছিলেন স্টিভ জবস। স্বপ্নভঙ্গের সেই সফরে ক্ষুধা, দারিদ্র্য আর রুদ্র প্রকৃতির সঙ্গে পরিচয় ঘটার পর যে জবস লুঙ্গি পরে যুক্তরাষ্ট্রে ফেরেন, তার হাত দিয়েই প্রতিষ্ঠা পায় এক 'প্রযুক্তি সাম্রাজ্য', যার নাম অ্যাপল। জবসের সেই ভারত দর্শনের বিবরণ দিয়ে শুক্রবার এনডিটিভি অনলাইন লিখেছে, ঠিক কোন বছর জবস এই উপমহাদেশে পা রাখেন তা নিয়ে অনেক রকম কথা চালু আছে। তবে এটা মোটামুটি নিশ্চিত যে ১৯৭৪ থেকে ১৯৭৬ সালের মধ্যে কোনো এক সময়ে তিনি ভারতে অবস্থান করেন। মাস তিনেক উত্তর ভারতের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে বিজ্ঞানের নানা অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান তিনি বন্ধু ড্যান কোটকেকে সঙ্গে নিয়ে। সেটা জবসের জীবনের সেই সময়- যখন পড়ালেখা শেষ না করেই কম্পিউটার গেমস নির্মাতা আটারিতে চাকরি নিতে হয়েছিল তাকে। হিপ্পি সংস্কৃতির প্রভাবে পশ্চিমা অনেক তরুণদের মতো তিনিও আকৃষ্ট হতে শুরু করেছিলেন ভারতীয় সংস্কৃতি আর দর্শনে। তাদের কল্পনায় ভারত যেন ছিল এক স্বর্গরাজ্য, যেখানে গেলেই সত্যিকারের শান্তি মিলবে। জবসের জীবনীমূলক গ্রন্থ 'আইকন'-এ কোটকে লিখেছেন, "ভারতে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ ছিলো সে (জবস)। দত্তক শিশু হিসেবে বেড়ে ওঠার বিষয়টি সব সময় তাকে পীড়া দিতো। এই হতাশা এতোটাই আচ্ছন্ন করে ফেলেছিলো যে একসময় নিজের আসল মাকে খুঁজে বের করতে গোয়েন্দাও ভাড়া করেছিল সে।" নয়া দিল্লীতে থাকার সময়টায় জবস এ দেশীয় পোশাক লুঙ্গির প্রেমে পড়েন। খালি পায়ে দিল্লীর পথে পথে হেঁটে বেড়াতেন তিনি। কিন্তু 'শান্তির রাজ্য' ভারতের রাস্তায় তিনি আবিষ্কার করেন শয়ে শয়ে ভিক্ষুক। দারিদ্র্য কি বস্তু- তাও তিনি উপলব্ধি করতে শুরু করেন এই ভারতবর্ষেই। তবে এর চেয়েও বড় চমক অপেক্ষা করছিল প্রযুক্তি ব্যবসার এই ভাবী মহারথীর জন্য। নৈনিতালের কাছে কাঞ্চিতে এক সাধুর সঙ্গে পরিচয় ঘটে জবস ও কোটকের। কোনো এক পর্বতচূড়ায় বসিয়ে তাদের মাথা মুড়িয়ে দেন সেই সাধুবাবা। গল্প শোনান 'নীম কারোলি বাবা' নামের আরেক সাধুর; তার আশ্রমে পৌঁছে দেওয়ারও প্রতিশ্র"তি দেন। কিন্তু শেষ পর্যন্ত নীম কারোলি বাবার সঙ্গে দেখা হয়নি তাদের। এর কারণ সম্পর্কে বেশ কিছু গল্প চালু আছে। কেউ বলেন, নৈনিতালের সেই ভণ্ডবাবা প্রতারণা করেছিলেন জবসদের সঙ্গে। অন্যরা বলেন, নীম কারোলি বাবার আশ্রমে গিয়ে দুই বন্ধু জানতে পারেন- বহু আগেই ইহলোক ত্যাগ করেছেন বাবা। বাস্তবের ভারতে বিচিত্র এইসব অভিজ্ঞতায় আধ্যত্মিক জ্ঞান অন্বেষণের আগ্রহ ক্রমেই মিলিয়ে যেতে থাকে দুই বন্ধুর। প্রচণ্ড গরম আর ডায়রিয়ায় তাদের একরকম কাবু করে ফেলে। একটু স্বস্তির জন্য তুলনামূলক ঠাণ্ডা এলাকা মানালি যাওয়ার পরিকল্পনা করলেও কোটকের ট্র্যাভেলার্স চেক চুরি যাওয়ায় তা বাতিল করতে হয়। এক পর্যায়ে জবস ও কোটকে মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেন- ঈশ্বর বলে কেউ যদি কোথাও থাকেন, আর তিনি যদি এই দুরবস্থা থেকে উদ্ধার করেন, তাহলে সারা জীবন ভালো মানুষ হয়ে থাকবেন তারা। পরে কোনো এক সময় জবস বলেন, "আমরা আলোকিত হওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। ওইসময় আমি প্রথমবারের মতো উপলব্ধি করি- কার্ল মার্ক্স ও নিম কারোলি বাবারা মিলে এই পৃথিবীকে যতোটা এগিয়ে নিয়েছেন, সম্ভবত তার চেয়েও অনেক বেশি করেছেন টমাস আলভা এডিসন একাই।" ভারত থেকে লুঙ্গি পরে যে জবস যুক্তরাষ্ট্রে ফেরেন- তিনি এক নতুন মানুষ। তার চেতনায় তখন বুদ্ধের আদর্শ, জীবনাচারে তিনি নিরামিষভোজী। দেশে ফিরে ১৯৭৬ সালে পুরোনো বন্ধু স্টিভ ওজনিয়াকের সঙ্গে জুটি বেঁধে ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়ির গ্যারেজে অ্যাপল কম্পিউটার্স নামে এক প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন স্টিভ জবস, পরবর্তীতে যা আইপড, আইফোন আর আইপ্যাডের মতো প্রযুক্তি উপহার দেয় বিশ্বকে। দীর্ঘদিন অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভোগার পর বুধবার ৫৬ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার পালো আলতোয় মারা যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/১৮৫৪ ঘ.